ভোট না মিটলে নিজের এলাকা থেকে নড়াচড়া নয় ! প্রথম দফার আগেই প্রার্থীদের নির্দেশ কমিশনের
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আবার বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।প্রথম দফার ভোট শুরু হওয়ার আগেই প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশ দিল নির্বাচন কমিশন।ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী নিজের বিধানসভা কেন্দ্র ছেড়ে বাইরে যেতে পারবেন না বলে দাবি।
সূত্রের খবর,ভোটের দিন সকাল ৬ টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত সব প্রার্থীকে নিজের এলাকাতেই থাকতে হবে। কমিশনের মতে ,ভোট চলাকালীন সব দলের প্রার্থীদের এলাকায় থাকা জরুরি।এতে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনও অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পাশাপাশি কমিশন স্পষ্ট জানিয়েছে,ভোটের দিন কোনও ধরনের অশান্তি ,গোলমাল বা বিশৃঙ্খলার সঙ্গে জড়ানো যাবে না। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতেই কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে কমিশন আগে থেকেই একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছে।রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।প্রশাসনিক স্তরে বদল,বাইক চলাচলে নিষেধাজ্ঞা ,মদের দোকান বন্ধ রাখা-সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এবার সেই তালিকাতেই যোগ হল প্রার্থীদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ।
তবে গোটা রাজ্যে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে কমিশনের অন্দরেই।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল জানান,নিয়ম অনুযায়ী যেসকল এলাকায় বিধানসভা ভোট রয়েছে ,শুধুমাত্র সেই এলাকাতেই ৪৮ ঘন্টা আগে মদের দোকান বন্ধ করার কথা। প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট হবে ,তাই সেই এলাকাগুলিতেই এই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা। তিনি বলেন,”যে এলাকাগুলিতে ভোট হওয়ার কথা সেখানে ৪৮ঘন্টা আগে দোকান বন্ধ থাকার কথা।”তাহলে গোটা রাজ্যে মদের দোকান বন্ধ রাখার কারণ কী ?তিনি জানান,বিষয়টি এক্সাইজ কমিশনারের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে,প্রথম দফার ভোটকে ঘিরে জাতীয় নির্বাচন কমিশন কোনওরকমের ঝুঁকি নিতে একেবারেই নারাজ।
