সাড়ে তিন বছরের প্রেম পরিণয়ের পথে, আংটি বদল সারলেন অনুভব-অনুষ্কা
প্রেমের গল্পে এ বার নতুন অধ্যায়। দীর্ঘ সাড়ে তিন বছরের সম্পর্ক পেল নতুন স্বীকৃতি। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজনে আংটি বদল করলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল ও অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। মান-অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব- নানা বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত একে অপরের হাতই শক্ত করে ধরলেন তাঁরা। আগামী বছর আইনি বিয়ের পরিকল্পনাও রয়েছে এই নতুন যুগলের।
বিশেষ দিনের সাজেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। ক্রিম রঙের পাঞ্জাবির সঙ্গে আকাশি পাড়ের সাদা ধুতি পরেছিলেন অনুভব। অন্য দিকে, অনুষ্কার পরেছিলেন রানি রঙের চওড়া পাড়ের সিল্কের শাড়ি। বেগুনি ডিজাইনার ব্লাউজ, গলায় সীতাহার, কানে দুল, হাতে বালা ও আংটি, সব মিলিয়ে ছিমছাম অথচ নজরকাড়া সাজেই ধরা দেন অভিনেত্রী। জাঁকজমকের বদলে নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তটি শুধু পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতেই চেয়েছিলেন তাঁরা। তবে আগামী বছর ছবিটা বদলাবে। পরিবারের সদস্য, বন্ধু, ইন্ডাস্ট্রির কাছের মানুষ এবং শুভানুধ্যায়ীদের নিয়ে বড় করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে তাঁদের।
অনুভব ও অনুষ্কার পরিচয় ২০১৯ সালে ‘হীরালাল’ ছবির মুক্তির সময়। প্রথমে বন্ধুত্ব, তারপর নানা কারণে বেড়ে গিয়েছিল দূরত্ব। এমনকি এক তৃতীয় ব্যক্তিকে ঘিরে ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছিল। তবে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আবার কাছাকাছি আসেন দু’জনে। সেই বন্ধুত্বই ধীরে ধীরে গড়ায় প্রেমে। গত সাড়ে তিন বছরে সম্পর্ক আরও গভীর হয়েছে। জীবনের নানা ওঠাপড়া এলেও একে অপরের প্রতি বিশ্বাস হারাননি তাঁরা। বরং প্রতিটি কঠিন সময় তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত দু’জনেই বুঝেছেন, জীবনের বাকি পথটাও একসঙ্গেই হাঁটতে চান।

বর্তমানে ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করছেন অনুভব। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও তিনি পরিচিত মুখ। কাজের ব্যস্ততার মাঝেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিলেন দু’জনে। আংটি বদলের পর এখন অপেক্ষা আগামী বছরের। প্রেমের দীর্ঘ সফর পেরিয়ে অনুভব ও অনুষ্কার সম্পর্ক এ বার ধীরে ধীরে এগোচ্ছে পরিণয়ের দিকে। রুপোলি পর্দার গল্পের বাইরে, এ বার বাস্তব জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় অনুভব-অনুষ্কা।
