বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই স্কালোনির আর্জেন্টিনা, বিশ্বজয়ী দলের কতজনকে সুযোগ দিলেন?

0



সব জল্পনার অবসান। চোটের উদ্বেগ কাটিয়ে শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা পেলেন লিওনেল মেসি। আর তার সঙ্গেই ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুটবল বিশ্বের মহাতারকা। এবারের বিশ্বকাপে মাঠে নামলেই রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলার নজির গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর প্রত্যাশামতোই সেই দলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। একসময় আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়েছিলেন এলএম১০। সমালোচনা, ব্যর্থতা আর ট্রফিহীনতার যন্ত্রণা তাঁকে ভেঙে দিয়েছিল। কিন্তু জাতীয় দলে ফিরে কাতারে পূরণ করেছিলেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্বকাপ জয়। সেই কারণেই এবারের বিশ্বকাপকে ঘিরে মেসিকে নিয়ে আবেগ আরও বেশি। গত কয়েক মাস ধরে তাঁর চোট এবং ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির ম্যাচে আচমকা মাঠ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন, হয়তো শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না মেসিকে। কিন্তু সব সংশয় দূর করে আবারও দেশের জার্সিতে বিশ্বকাপ মঞ্চে নামতে চলেছেন তিনি।
স্কালোনি এবারের দল সাজিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের মূল কাঠামো ধরে রেখেই। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের ১৭ জন ফুটবলার জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি’পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ কিংবা জুলিয়ান আলভারেজ, সকলেই রয়েছেন মেসির পাশে। তবে শুধু অভিজ্ঞতার উপর ভরসা করেননি স্কালোনি। ভবিষ্যতের কথা মাথায় রেখে সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নিকো পাজ, ভ্যালেন্তিন বারকো, গিলিয়ানো সিমিওনে-দের মতো প্রতিভাবান ফুটবলাররা। অভিজ্ঞতা ও তারুণ্যের এই মিশ্রণই আর্জেন্টিনাকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। যদিও কাতার বিশ্বকাপজয়ী দলের কয়েকজন পরিচিত মুখ এবারের দলে নেই। কিংবদন্তি অ্যাঞ্জেল দি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। বয়সের কারণে বাদ পড়েছেন ফ্রাঙ্কো আরমানি। চোটের জন্য সুযোগ হয়নি হুয়ান ফয়থের। পাওলো দিবালা, মার্কোস আকুনা কিংবা অ্যাঞ্জেল কোরেয়াও জায়গা পাননি চূড়ান্ত তালিকায়। তবে আর্জেন্টিনার মূল শক্তি এখনও সেই মেসিই। মাঠে তাঁর উপস্থিতি গোটা দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেয়। স্কালোনিও জানেন, বিশ্বকাপের বড় মঞ্চে মেসির অভিজ্ঞতা এবং নেতৃত্বই সবচেয়ে বড় অস্ত্র।
১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ইতালি ও ব্রাজিলের পর ইতিহাস গড়ার সুযোগ এবার মেসিদের সামনে। আর ফুটবল বিশ্ব অপেক্ষা করছে, শেষ নাকি আরও এক নতুন রূপকথা লিখবেন লিওনেল মেসি।



একনজরে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
• গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
• ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা
• মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ
• ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ



কাতার বিশ্বকাপজয়ী দল থেকে নেই যে ৯ চ্যাম্পিয়ন
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জার্মান পেজ্জেলা (রিভার প্লেট), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), মার্কোস আকুনিয়া (রিভার প্লেট), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আলেজান্দ্রো গোমেজ (পাদোভা), অ্যাঞ্জেল ডি মারিয়া (রোজারিও সেন্ট্রাল), অ্যাঞ্জেল কোরেয়া (তিগ্রেস), পাওলো দিবালা (রোমা)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *