প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে হবে গণনা, ‘রাজনীতি’ না খোঁজার আর্জি শুভেন্দু অধিকারীর
দীর্ঘ ১৫ বছর পর ফের বাংলায় শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১ আগস্ট থেকে রাজ্যে জনগণনা শুরু হবে এবং তা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হচ্ছে সেলফ এনুমারেশন ব্যবস্থাও। মুখ্যমন্ত্রী জানান, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা নিজেরাই অনলাইনের মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন। জনগণনা নিয়ে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা বা বিভ্রান্তি না হয়, তার জন্য হেল্পলাইন নম্বর এবং বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে। কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর ১৮৫৫-এর পাশাপাশি রাজ্যের জন্য চালু হয়েছে ০৩৩-২৩৩৫৯৫০৩ নম্বর।

এছাড়া শুরু হয়েছে ওয়েবসাইট West Bengal Census Portal
শুভেন্দু অধিকারী বলেন, ‘জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই’। তাঁর দাবি, দীর্ঘদিন জনগণনা না হওয়ায় রাজ্যের প্রকৃত জনবিন্যাস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে অনুপ্রবেশের কারণে বাংলার জনসংখ্যার গঠনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন অনুপ্রবেশ প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘প্রচুর বাংলাদেশি জনগণনার ভয়ে পালাচ্ছে। যারা হোল্ডিং সেন্টারে রয়েছে, তাদের অনেকেই প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।’ তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বাংলার সাধারণ নাগরিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এরপর আর জনগণনা হয়নি। মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন, আগের প্রশাসনের অনীহার কারণেই এই কাজ পিছিয়ে গিয়েছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।
