কলকাতা যেন সাম্বা সিটি! এক আলিঙ্গনে মিশল দুই ফুটবলের গল্প

0



সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মুখে হঠাৎ যেন বদলে গেল দৃশ্যটা। এতক্ষণ যেখানে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে প্রশ্ন-উত্তরের পর্ব চলছিল, সেখানেই মুহূর্তে তৈরি হল এক অন্য গল্প। মুখোমুখি হলেন বিশ্বফুটবলের দুই প্রান্তের দুই কোচ। এক জন কার্লো আন্সেলোত্তি, অন্য জন খালিদ জামিল। আর পরিচয়ের আনুষ্ঠানিকতা পেরিয়ে দু’জনকে এক করে দিল একটি উষ্ণ আলিঙ্গন।
ব্রাজিল কোচের সাংবাদিক বৈঠক তখন প্রায় শেষ। মঞ্চের কাছেই দাঁড়িয়ে ছিলেন খালিদ। কারণ আন্সেলোত্তির পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় কোচের। কথার ফাঁকে আন্সেলোত্তি উঠে দাঁড়াতেই সামনে খালিদ। পরের মুহূর্তেই এগিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরলেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ। খালিদও সাদরে গ্রহণ করলেন সেই আলিঙ্গন। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যেই যেন মিলেমিশে গেল দুই ফুটবল-দুনিয়া।


এক দিকে বিশ্বফুটবলের দীর্ঘ অভিজ্ঞতার প্রতীক আন্সেলোত্তি। ইউরোপের সেরা ক্লাবগুলির ডাগআউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে অসংখ্য বড় মঞ্চ দেখেছেন তিনি। অন্য দিকে ভারতীয় ফুটবলের কঠিন পথ পেরিয়ে জাতীয় দলের দায়িত্বে আসা খালিদ। দু’জনের পথ আলাদা, অভিজ্ঞতার পরিধিও আলাদা। কিন্তু ফুটবলের প্রতি সম্মান আর আবেগের জায়গাটা একই। আলিঙ্গনের আগে ভারতীয় কোচকে শুভেচ্ছাও জানান আন্সেলোত্তি। শনিবারের ঐতিহাসিক ম্যাচের আগে অগ্রজের সেই শুভকামনা খালিদের কাছে নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত। তারপর মঞ্চ ছেড়ে বেরিয়ে যান আন্সেলোত্তি। সামনে এসে দাঁড়ান খালিদ। কিন্তু কয়েক মুহূর্ত আগের সেই ছবি থেকে যায় সবার চোখে।


শনিবার যুবভারতীতে দুই দলের লড়াইয়ে অবশ্য কোনও আবেগের জায়গা থাকবে না। সেখানে থাকবে প্রতিদ্বন্দ্বিতা। এক দিকে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মারকুইনহোসদের নিয়ে সাজানো ব্রাজিল। অন্য দিকে খালিদের ভারত। ফিফা ক্রমতালিকায় দুই দলের ব্যবধান আকাশছোঁয়া। তবু পানামার বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে। বড় দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় নিয়েই নামবে তারা। ভারতের কাছে ব্রাজিল আবার শুধু একটি ফুটবল দল নয়। পেলে থেকে জিকো, রোমারিও থেকে বেবেতো, রোনাল্ডিনহো থেকে রোনাল্ডো—প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলের তারকারা এ দেশের ফুটবলপ্রেমীদের স্বপ্নের অংশ। বিশ্বফুটবলের সেই সাম্বা-দেশ এবার প্রথম বার সিনিয়র জাতীয় দল নিয়ে কলকাতায়। আর সেই ঐতিহাসিক ম্যাচের ঠিক আগে দুই কোচের আলিঙ্গন যেন আরও একটি স্মরণীয় ছবি হয়ে রইল।
মাঠে শনিবার দু’জনের লক্ষ্য আলাদা। আন্সেলোত্তি চাইবেন ব্রাজিলের জয়ের ধারা বজায় রাখতে। খালিদ চাইবেন তাঁর দলকে নিয়ে লিখতে নতুন গল্প। কিন্তু ম্যাচের ফল যা-ই হোক, তার আগের এই মুহূর্তটি ফুটবল মনে রাখবে-এক আলিঙ্গনে অগ্রজ-অনুজ, এক ফ্রেমে ব্রাজিল ও ভারত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *