‘৩ দিন খুবই ভয়ঙ্কর ছিল’, ২৬/১১-এর ভয়াবহ রাত কেমন ছিল রাজকুমার রাওয়ের কাছে ?

0



২৬/১১ এর সেই ভয়াবহ জঙ্গি হামলায় আতঙ্ক, রক্ত আর স্বজন হারানোর কান্নায় স্তব্ধ হয়ে গিয়েছিল মহানগরী। সেই রক্তের দাগ আজও মুছে যায়নি মানুষের স্মৃতি থেকে। তবে ২৬/১১- এর ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় অভিনেতা রাজকুমার রাওকে।মুম্বইয়ের ঐতিহাসিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে তাঁর আসন্ন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ২০০৮ সালের সেই ভয়াবহ ৩ দিনের কথা স্মরণ করলেন অভিনেতা।

মুম্বইয়ের মাটিতে পা রেখে রেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছেন বহু মানুষ।অভিনয়ে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে সেই মাটিতে পা রেখেছিলেন অভিনেতা নিজেও।কিন্তু আচমকাই সন্ত্রাসের ভয়াবহতায় বদলে গিয়েছিল শহরের ছবি।রাজকুমার জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে পুনে থেকে মুম্বইয়ে এসেছিলেন তিনি। চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে তখন কাজের সন্ধানে দিন কাটছিল তাঁর। অভিনেতার কথায়, “ফেব্রুয়ারিতে পুনে থেকে মুম্বইয়ে এসেছিলাম, চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করার পর।” কাজের সন্ধানে সেই সময়কার দিনগুলির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন,”সেই সময় কাজ খুঁজছিলাম। প্রতিদিন বাইরে বেরোতাম, রাতে বাড়ি ফিরে আসতাম।”

এরপরই আসে ২৬/১১-এর সেই ভয়াবহ রাত। সেদিনের ভয়াবহ রাতের কথা স্মরণ করে রাজকুমার বলেন,”খবর আসতে শুরু করার পর আমার মনে আছে, পরের ৩ দিন আমরা সবাই টেলিভিশনের সামনে বসে ছিলাম।” সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। মুম্বই শহরের বিভিন্ন প্রান্তে হামলার খবরের পাশাপাশি আরও জঙ্গি শহরে ঢুকে পড়েছে।শুধু তাই নয় এমন অনেক জল্পনাও ছড়িয়ে পড়ছিল। অভিনেতা বলেন,”শোনা গিয়েছিল,আরও অনেক জঙ্গি শহরে ঢুকে পড়েছে।” রাজকুমারের জীবনের ৩ দিন জীবনের অত্যন্ত ভয়াবহ সময় হিসেবে বর্ণনা করেছেন।

অভিনেতার কথায়,”সেই ৩ দিন খুবই ভয়ঙ্কর ছিল। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম।”একইসঙ্গে হামলার মোকাবিলায় সামনে থেকে দায়িত্ব পালন করা পুলিশকর্মীদের নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি। পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক এবং কর্তব্যরত পুলিশকর্মীরা নিরাপদে থাকুন সেই প্রার্থনাই করছিলেন বলে জানান অভিনেতা।তিনি জানান,২৬/১১ হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাব গ্রেফতার হওয়ার খবরও রাজকুমারের মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, কাসাব ধরা পড়ায় তদন্তকারীরা হামলার নেপথ্যে কী ঘটেছিল এবং কীভাবে এই ভয়াবহ হামলা সংঘটিত হয়েছিল, তা বোঝার সুযোগ পাবেন বলে মনে হয়েছিল তাঁর।

২৬/১১ হামলার সেই মামলাকেই এ বার বড়পর্দায় তুলে ধরছে ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’। ছবিতে প্রবীণ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। ২৬/১১ মুম্বই হামলা মামলায় আজমল কাসাবের বিরুদ্ধে তাঁর আইনি লড়াই এবং মামলার গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি। ছবিতে রাজকুমারের সঙ্গে রয়েছেন ওয়ামিকা গাব্বি, সিকন্দর খের-সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অবিনাশ অরুণ। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত ‘প্রহার’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *