করোনা টিকাই কি অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর কারণ? ছেলের মন্তব্যে নতুন বিতর্ক

0

আবার উস্কে উঠল বিতর্ক।২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যু ‘স্বাভাবিক’ বলেই জানানো হয়েছিল। তবে চার বছর পর সেই মৃত্যু ঘিরে ফের প্রশ্ন তুললেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন।

সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকার প্রভাবই তাঁর বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তাঁর কথায়, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, টিকার একটা প্রভাব ছিল। বাবার যদি আগে থেকে কোনও শারীরিক সমস্যা থেকেও থাকে, টিকা সেটাকে আরও প্রকট করে তুলেছিল।’ তিনি আরও জানান, সরকারি নিয়মের কারণে একাধিক টিকা নিতে হয়েছিল ওয়ার্নকে, সেই বিষয়টাই তাঁর মনে সন্দেহ তৈরি করেছিল।
ওয়ার্নের মৃত্যুর পর থেকেই একাধিক জল্পনা সামনে এসেছিল। থাই পুলিশের বিরুদ্ধে তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। এমনকি তাঁর শরীরে উত্তেজক ওষুধের উপস্থিতি নিয়েও আলোচনা হয়। যদিও এই সমস্ত অভিযোগের অনেকটাই খারিজ করেছেন জ্যাকসন। তাঁর মতে, এই সবকিছুই প্রকৃত কারণ থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশ এখনও ময়নাতদন্তের রিপোর্টকেই গুরুত্ব দিচ্ছেন এবং টিকার সঙ্গে সরাসরি কোনও সম্পর্কের প্রমাণ মেলেনি বলেই মত তাঁদের। ফলে নতুন এই দাবি বিতর্ককে উস্কে দিলেও, নিশ্চিত উত্তর এখনও অধরাই থেকে গিয়েছে।
উল্লেখ্য, ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার। তাঁর আকস্মিক প্রয়াণ আজও নাড়া দেয় ক্রিকেটপ্রেমীদের, আর নতুন বিতর্ক সেই স্মৃতিকেই আবার সামনে নিয়ে এল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *