আইপিএল খেলতে গিয়ে শাস্তি! পিএসএল ছেড়ে আসায় ২ বছর নির্বাসিত নাইট পেসার মুজারবানি
আইপিএলে খেলার সিদ্ধান্তই কাল হল ব্লেসিং মুজারবানির জন্য। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুক্তি ভেঙে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় জিম্বাবোয়ের এই পেসারকে দুই বছরের জন্য নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে ২০২৮ সাল পর্যন্ত পিএসএলে খেলার সুযোগ হারালেন তিনি। প্রথমে ২০২৬ আইপিএলের মিনি নিলামে অবিক্রিত ছিলেন মুজারবানি। পরে ইসলামাবাদ ইউনাইটেড তাঁকে দলে নেয় সামার জোসেফের পরিবর্ত হিসেবে। কিন্তু ঠিক সেই সময়েই বাদ দিয়ে দেওয়া মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজছিল কেকেআর। টি২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে নাইট শিবিরের প্রস্তাব পান মুজারবানি এবং বেশি আকর্ষণীয় সেই অফার গ্রহণ করে পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে যোগ দেন। এই সিদ্ধান্তের ফল যে ভুগতে হতে পারে, তার ইঙ্গিত আগেই ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। পিসিবি এক বিবৃতিতে জানায়, ফ্র্যাঞ্চাইজি লিগে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক লিগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে অন্য লিগে অংশ নেওয়া নিয়মবিরুদ্ধ এবং তা কঠোরভাবে দমন করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগেও একই কারণে দক্ষিণ আফ্রিকার করবিন বস্ককে এক বছরের জন্য নির্বাসিত করেছিল পিসিবি। তবে মুজারবানির ক্ষেত্রে শাস্তির মেয়াদ আরও বাড়ল। কেকেআরের হয়ে এরমধ্যেই দু’টি ম্যাচে চার উইকেট নিয়েছেন এই পেসার। কিন্তু আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভবিষ্যতের হিসেব কষতে গিয়ে বড় ধাক্কাই খেলেন তিনি। এই ঘটনায় আবারও সামনে এল আইপিএল বনাম পিএসএলের টানাপোড়েনের ছবি।
