সঞ্জু স্যামসন-দীপ্তি শর্মার সেরার স্বীকৃতি, বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটারদের দাপট
আইসিসি ও উইজডেন-ক্রিকেট বিশ্বের দুই মর্যাদাপূর্ণ মঞ্চেই উজ্জ্বল ভারতীয় ক্রিকেট। একদিকে আইসিসির মাসসেরা হয়েছেন সঞ্জু স্যামসন, অন্যদিকে উইজডেনের বর্ষসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছেন দীপ্তি শর্মা। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের ধারাবাহিক সাফল্যই আরও একবার সামনে এল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জোরেই মার্চ মাসের আইসিসি সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্যামসন। সুপার এইট পর্ব থেকে সুযোগ পেয়ে একের পর এক ম্যাচে দলের ভরসা হয়ে ওঠেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭, ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি ৮৯ রানের ইনিংস ভারতের ট্রফি জয়ে বড় ভূমিকা নেন তিনি। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭৫ রান করে গড় ও স্ট্রাইকরেটে নজর কাড়েন স্যামসন। এই প্রথম আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে তিনি একে ‘অসাধারণ অনুভূতি’ বলেই জানিয়েছেন।
অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে দীপ্তি শর্মা মেয়েদের ক্রিকেটে গত বছরের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৫৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ৩৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ভারতের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ে পেয়েছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। সেই বিশ্বকাপে ২১৫ রানের পাশাপাশি নিয়েছেন ২২ উইকেট। উইজডেনের বর্ষসেরা তালিকাতেও ভারতীয়দের প্রাধান্য স্পষ্ট। শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ ও মহম্মদ সিরাজ জায়গা করে নিয়েছেন ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এ। সব মিলিয়ে, ব্যাট-বল হাতে বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের এই ধারাবাহিক সাফল্যই প্রমাণ করছে আধুনিক ক্রিকেটে ভারত এখন এক অন্যতম শক্তি।
