লর্ডসে থেমে গেল ভারতের স্বপ্ন, অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপপর্বেই টি২০ বিশ্বকাপে বিদায়

0



লর্ডসের ঐতিহাসিক মাঠে জয়ের স্বপ্ন নিয়েই নেমেছিল ভারত। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল। অস্ট্রেলিয়ার কাছে হেরে মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল হরমনপ্রীত কৌরের দলকে। ডু-অর-ডাই ম্যাচে ১৭১ রানের লক্ষ্য নিয়েও অজিদের থামাতে পারল না ভারত। এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। ভারতের হারের ফলে গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ চারে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শুরুর আগেই ভারতের সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের পর সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়াকে হারানো ছাড়া আর কোনও পথ ছিল না। কিন্তু সেই চাপের ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান তোলে ভারত। স্মৃতি মন্ধানা (৩৮) ও শেফালি বর্মা (৩৪) ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়লেও টি-২০ ক্রিকেটের প্রয়োজনীয় আগ্রাসন দেখা যায়নি। মাঝের ওভারগুলোয় রান তোলার গতি কমে যাওয়ায় বড় স্কোরের ভিত তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি ভারত।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মাত্র ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভারতের লড়াই টিকিয়ে রাখেন। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না মেলায় ১৭০ রানেই থেমে যায় ভারতের ইনিংস। জেমিমা রডরিগস ৩৪ রান করলেও তাঁর ধীরগতির ইনিংস এবং শেষ দিকে রিচা ঘোষকে খুব কম বল খেলার সুযোগ দেওয়া ভারতের স্কোরকে আরও সীমিত করে দেয়।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রেণুকা সিংয়ের শিকার হন জর্জিয়া ভল। এরপর শ্রী চরণী ফোবি লিচফিল্ড এবং দীপ্তি শর্মা বেথ মুনিকে ফিরিয়ে ভারতের আশা জাগান। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন এলিস পেরি ও অ্যাশলেই গার্ডনার। অভিজ্ঞ এই দুই ব্যাটার অনবদ্য অর্ধশতরান করে ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যান। পেরি ৩৮ বলে ৫৬ এবং গার্ডনার ২৯ বলে অপরাজিত ৫৩ রান করে অস্ট্রেলিয়াকে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
গ্যালারিতে উপস্থিত ছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, শিখর ধাওয়ান ও রবি শাস্ত্রীর মতো তারকারাও। তাঁদের সামনেই ভারতের বিশ্বকাপ অভিযান হতাশার সুরে শেষ হল।
গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ভারতের কাছে থেকে গেল আরও একবার বিশ্বমঞ্চে অপূর্ণ স্বপ্নের আক্ষেপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *