ড্রেসিংরুমে সুখটান দিয়েও কি কম হল শাস্তি! বিতর্কে রিয়ান পরাগ, তবু বড় রেহাই রাজস্থানের
আইপিএলের মঞ্চে আচরণবিধি ভেঙে তুমুল বিতর্কে জড়ালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট সেবনের দৃশ্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেছিলেন, এর জন্য কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত শাস্তি সীমিতই রইল, এই নিয়েই এখন প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের ১৬তম ওভারে ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যায় পরাগকে। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় বিতর্ক। কারণ ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।
প্রাথমিকভাবে বোর্ডের তরফে কড়া পদক্ষেপের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত আইপিএল গভর্নিং কাউন্সিল জানায়, এটা আচরণবিধির লেভেল ১ অপরাধ। সেই অনুযায়ী রিয়ান পরাগের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২১-‘খেলার অমর্যাদা করা’ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন পরাগ নিজেও। বোর্ডের যুক্তি, ই-সিগারেট সেবন নিয়ে নির্দিষ্ট কোনও ধারা না থাকায় এবং এটা প্রথম অপরাধ হওয়ায় কঠোর শাস্তি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও কড়া পদক্ষেপের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে দেশের আইনে ই-সিগারেট নিষিদ্ধ ও শাস্তিযোগ্য, সেখানে ক্রিকেটের ময়দানে এমন আচরণের পরও কেন এতটা নরম মনোভাব?
রাজস্থান রয়্যালস শিবিরেও এই ঘটনায় অস্বস্তি তৈরি হয়েছে। মরসুমের মাঝপথে দলের অধিনায়কের এমন কাণ্ড নিঃসন্দেহে চাপ বাড়াবে টিম ম্যানেজমেন্টের ওপর। যদিও আপাতত বড় শাস্তি এড়িয়েছেন পরাগ, তবে ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। একাধিক ডিমেরিট পয়েন্ট জমলে নির্বাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।।
