ব্যর্থ মরসুমের পর অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ, নতুন নেতৃত্বের খোঁজে এলএসজি

0


দু’টি মরসুম, বিপুল প্রত্যাশা, কিন্তু ফলাফল একেবারেই হতাশাজনক। শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ। শুক্রবার ফ্র্যাঞ্চাইজির তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, পন্থ নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন এবং সেই অনুরোধ গ্রহণ করেছে লখনউ কর্তৃপক্ষ।
২০২৫ সালের আইপিএল নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ। তাঁকে ঘিরেই নতুন যুগের স্বপ্ন দেখেছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবের মুখ দেখেনি। গত দুই মরসুমে পন্থের নেতৃত্বে ২৮ ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছে দল। একবারও প্লে-অফে পৌঁছতে পারেনি লখনউ। এবারের মরসুমে তো ১৪ ম্যাচে মাত্র ৪টি জিতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করেছে তারা। শুধু দলগত ব্যর্থতা নয়, ব্যক্তিগত পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৫ মরসুমে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৬৯ রান। চলতি মরশুমে রান কিছুটা বাড়লেও ছন্দে ফেরার ছবি দেখা যায়নি। ৩১২ রান করেও ম্যাচ জেতানো ইনিংস খুব বেশি আসেনি তাঁর ব্যাট থেকে। ফলে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠছিল।


লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি জানিয়েছেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ নয়। তবে অধিনায়ক হিসেবে ঋষভ ড্রেসিংরুমে যে পরিবেশ তৈরি করেছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন দলের পুনর্গঠনই প্রধান লক্ষ্য।’ দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্বে সফল হলেও লখনউ অধ্যায়টা পন্থের কাছে একেবারেই সুখের হল না। জাতীয় দলের বাইরে চলা, ধারাবাহিক খারাপ ফর্ম এবং আইপিএলে ব্যর্থতা, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে রয়েছেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পন্থের পর লখনউয়ের নতুন অধিনায়ক কে? আগামী মরশুমের আগে সেই উত্তর খুঁজতেই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *