‘তারকাটা’ সিরিজ নিয়ে বড় সিদ্ধান্ত,প্রযোজনা থেকে সরে দাঁড়ালেন বিক্রম, কেন?
আসন্ন সিরিজ ‘তারকাটা’ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।সিরিজে বিক্রমের প্রথম লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল আলোচনা।’অ্যাংরি ইয়ং ম্যান’-এর চরিত্রে বিক্রম সাড়া ফেলেছিল দর্শক মনে।তবে তাঁর সঙ্গেই দিয়েছিলেন বাড়তি উপহার। আসন্ন সিরিজে জীবনে প্রথম প্রযোজনার দায়িত্বও নিয়েছিলেন তিনি। তৈরি করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস’। তবে শুক্রবার অভিনেতা বিক্রমের প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাঁরা এই সিরিজের প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত? অবশেষে সেই বিষয়ও প্রকাশ্যে এনেছেন বিক্রম নিজেই।

বিক্রম বলেন,“আমার টিম অর্থাৎ ভিসি ফিল্মসের সঙ্গে জি ফাইভের কিছু মতপার্থক্য হয়েছে।আমরা যেভাবে কাজটিকে শেষ করতে চাইছিলাম এবং ওরা যেভাবে শেষ করতে চাইছিল,তার মধ্যে কিছু পার্থক্য চলছিল বহুদিন ধরে।আর একটা সিরিজ বা একটা প্রজেক্ট তো যে কোনও একজনের দৃষ্টিভঙ্গি থেকেই তৈরি হতে পারে।আমার দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক জি-এর সঙ্গে,তাই মনে হল ঝগড়া না করে এই ক্ষেত্রে আমার পিছিয়ে আসা উচিত।” নিজের সোশ্যাল মিডিয়াতেও তিনি জানান,প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং এই প্রজেক্টের সঙ্গে ‘বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস’-এর সমস্ত সম্পর্কের ইতি ঘটেছে।
অভিনেতার প্রথম প্রযোজনার কাজ থেকে সরে দাঁড়ানো নিয়েও অকপটে স্বীকার করেছেন তিনি।বিক্রমের কথায়,“নিজের প্রথম প্রযোজনা থেকে সরে আসায় আমার খারাপ লাগছে না এমন নয়।কিন্তু যেহেতু এটা প্রাথমিকভাবে জি ফাইভের নিজের সিরিজ,তাই তাঁরা যে কাজটি করবে আশা করছি সেটা সিরিজের ভালর জন্যই করবে।তাই সেখানে জটিলতা না বাড়িয়ে পিছনে আসাই আমার মনে হয়েছে ভাল সিদ্ধান্ত।”তবে এই সিদ্ধান্তে সিরিজে বিক্রমের অভিনয়ে কোনও প্রভাব পড়ছে না।অভিনেতা হিসাবে তিনি এখনও এই প্রজেক্টের অংশ থাকছেন।শুধু তাই নয়, সিরিজের প্রচারমূলক কাজ-সহ অন্য নির্ধারিত দায়িত্বও আগের পরিকল্পনা অনুযায়ী পালন করবেন বলেই জানিয়েছেন অভিনেতা।
শমীক রায় চৌধুরী পরিচালিত জি-এর অ্যাকশন-থ্রিলার সিরিজটি জুন মাসেই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।’তারকাটা’ সিরিজটিতে বিক্রমকে এক জন প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার ও সত্যম ভট্টাচার্যকে।
