‘আমরা দুই থেকে তিনের পথে’,তৃতীয় বিবাহবার্ষিকীতেই মাতৃত্বের সুখবর সোহিনীর
অবশেষে গুঞ্জনে সিলমোহর।দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার।তৃতীয় বিবাহবার্ষিকীর দিনেই স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাগ করে দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করেছেন অভিনেত্রী।খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে উঠেছে তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া।
এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করেন তারকা দম্পতি।ছবিতে স্পষ্ট সোহিনীর বেবি বাম্প,আর সেই বাম্প আগলে ভালবাসায় জড়িয়ে রয়েছেন শোভন।মাতৃত্বের আলো যেন আরও উজ্জ্বল করে তুলেছে অভিনেত্রীকে।ছবির ক্যাপশনে সোহিনী লেখেন,”তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।”সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় দম্পতির ঘরে।অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন,”মনটা ভালো হয়ে গেল দেখে।অভিনন্দন মাম্মা।”মিমি চক্রবর্তীর সংক্ষিপ্ত বার্তা, “অভিনন্দন।”সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন,”অনেক অনেক ভালবাসা দিদি।”সোলাঙ্কি রায়ের শুভেচ্ছা,”অনেক অনেক আদর ও ভালবাসা।” ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস লেখেন,”অভিনন্দন, ভালবাসা।” সন্দীপ্তা সেনের বার্তা, “অনেক ভালবাসা।” সঙ্গীতশিল্পী নীলায়ন চট্টোপাধ্যায় লিখেছেন, “দারুণ খবর! খুব খুশি হলাম।”
প্রসঙ্গত,গত কয়েক মাস ধরেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছিল নানা জল্পনা।বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হলেও এ বিষয় নিয়ে প্রশ্ন এড়িয়ে যেতেন অভিনেত্রী। জানা যায়, চলতি বছরের শুরু থেকেই দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করছিলেন সোহিনী ও শোভন।অবশেষে সেই স্বপ্নই পেল বাস্তবের রূপ। টলিপাড়ার অন্দরমহলের খবর,পুজোর কাছাকাছিই তাঁদের পরিবারে আসতে পারে নতুন সদস্য।উল্লেখ্য,২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।বিয়ের তিন বছর পূর্তির দিনেই নতুন জীবনের এই সুখবর ঘোষণা করে জীবনের আরও এক সুন্দর অধ্যায়ের সূচনা করলেন তাঁরা।
