‘যে মানুষটা সবকিছুকে সার্থক করে তোলে’,নীরবতার পর বিজয়কে তৃষার বিশেষ জন্মদিন বার্তা

0



বিজয়ের জন্মদিনে তৃষার নীরবতা ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে,ঠিক তখনই সব আলোচনায় কার্যত জল ঢেলে দিলেন অভিনেত্রী নিজেই।জন্মদিনের দিন কোনও পোস্ট না করায় অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন উঠেছিল,তবে কি বিজয়-তৃষার সমীকরণে বদল এসেছে?কিন্তু সেই জল্পনার মাঝেই কিছুটা দেরিতে বিশেষ একটি পোস্ট করে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায়,বিজয় জন্মদিনের কেক কাটছেন এবং তাঁর পাশে দাঁড়িয়ে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তৃষা।ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন,“যে মানুষটা সবকিছুকে সার্থক করে তোলে,তাকে জন্মদিনের শুভেচ্ছা।”পোস্টটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একরকম চুপ করিয়ে দেন তাঁরা।তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় ও তৃষা কৃষ্ণনকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে।তাঁদের অনস্ক্রিন রসায়ন যেমন দর্শককে মুগ্ধ করেছে,তেমনই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বছরের পর বছর ধরে নানা গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই জল্পনায় নতুন করে ইন্ধন জুগিয়েছিল তৃষার প্রাথমিক নীরবতা।

২২ জুন ৫২তম জন্মদিন পালন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়। কিন্তু অন্যান্য বছরের মতো জন্মদিনের দিন কোনও শুভেচ্ছাবার্তা পোস্ট করেননি তৃষা। দীর্ঘদিনের সহ-অভিনেতাকে শুভেচ্ছা জানাতে না দেখা যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি দুই তারকার সম্পর্কের সমীকরণে কোনও পরিবর্তন এসেছে?কারণ, গত কয়েক বছরে বিজয়ের জন্মদিনে নিয়মিত বিশেষ পোস্ট করেছেন তৃষা। ২০২৫ সালে বিজয়ের একটি পোষ্য কুকুরের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার সবচেয়ে প্রিয় মানুষকে।” ২০২৪ সালে একটি লিফট সেলফির সঙ্গে তাঁর বার্তা ছিল, “ঝড়ের মধ্যে যে শান্তি, আবার শান্তির মধ্যেও যে ঝড়—তোমার জীবনে আরও অনেক সাফল্য ও মাইলফলক আসুক।” আর ২০২৩ সালে বরফে ঢাকা প্রেক্ষাপটে দু’জনের একটি ছবি পোস্ট করে সংক্ষিপ্ত শুভেচ্ছায় লিখেছিলেন, “শুভ জন্মদিন।”

এরই মধ্যে নতুন করে জল্পনা বাড়ায় ইনস্টাগ্রাম সংক্রান্ত একটি দাবি।সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি ছিল, তৃষা নাকি সম্প্রতি বিজয়কে আনফলো করেছেন। যদিও অনেকের মতে, তিনি কখনওই বিজয়কে ফলো করতেন না।তবে সব জল্পনাতেই জল ঢাললেন অভিনেত্রী।তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে এত আগ্রহের পিছনে রয়েছে তাঁদের দীর্ঘ পেশাদার যাত্রা। ২০০৪ সালে ধরনী পরিচালিত ব্লকবাস্টার ‘ঘিল্লি’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তাঁরা। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ এবং সাম্প্রতিক ‘লিও’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

উল্লেখ্য,বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক জল্পনা সামনে এসেছে।স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে আসে তৃষার নাম।বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিজয় ও তৃষাকে একসঙ্গে একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায়।পরে তামিলনাড়ার নির্বাচনের ফল ঘোষণার দিন,যা আবার তৃষার জন্মদিনও ছিল,অভিনেত্রীকে বিজয়ের বাসভবনে যেতে দেখা যায় বলে দাবি করা হয়।মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা।তবে এতসব জল্পনা ও আলোচনার মাঝেও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি তাঁরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *