ধুরন্ধর ২ দেখতে হাহাকার টিকিটে! টিকিট না পেয়ে কিংবদন্তি ক্রিকেটার কার কাছে জুড়লেন আবদার?
মুক্তির পর থেকেই ঝড় তুলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। দেশ-বিদেশে দর্শকদের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ দর্শকের পাশাপাশি বিপাকে পড়ছেন তারকারাও। টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে, বহু চেষ্টা করেও সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন না এক বিশ্বকাপজয়ী ক্রিকেট কিংবদন্তি খোদ সুনীল গাভাসকর! শেষমেষ সাহায্যের আশায় দ্বারস্থ হতে হয়েছে এই সিনেমারই এক অভিনেতার কাছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় রাকেশ বেদী জানান, তাঁর সঙ্গে দেখা হয় সুনীল গাভাসকরের। সেখানেই তিনি আক্ষেপ করে বলেন, এত চেষ্টার পরও ছবির টিকিট জোগাড় করতে পারেননি। অভিনেতার কথায়, ‘তিনি আমাকে কিছু একটা করতে বলেছেন। আমি চেষ্টা করছি টিকিটের ব্যবস্থা করতে’।
গত সপ্তাহে মুক্তি পাওয়া এই ছবিটি গত বছরের ব্লকবাস্টার ধুরন্ধর -এর সিক্যুয়েল। প্রথম ছবির বিপুল সাফল্যের ধারাবাহিকতায় নতুন ছবিও ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিপুল ব্যবসা করেছে। শোনা যাচ্ছে, আগেরটা প্রায় ৮০০ কোটির ব্যবসা করেছিল, আর নতুন ছবিও সেই পথেই এগোচ্ছে। প্রযোজকদের দাবি, মুক্তির প্রথম সপ্তাহেই একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবি এবং বহু প্রেক্ষাগৃহে শো বাড়াতেও বাধ্য হয়েছেন হল মালিকরা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা সাফল্যে উচ্ছ্বসিত। তাঁর মতে, এই সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে নয়, দর্শকদের মনেও গভীর প্রভাব ফেলেছে। দেশের পাশাপাশি বিদেশেও ছবির প্রতিক্রিয়া অভূতপূর্ব বলে দাবি তাঁর। অনেকেই ছবির কাহিনি, চরিত্রের গভীরতা এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করছেন, যা মুখে মুখে প্রচার বাড়িয়ে দিয়েছে আরও।তবে এই বিপুল জনপ্রিয়তার মাঝেই দর্শকদের উদ্দেশে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি। প্রেক্ষাগৃহে বসে ছবির দৃশ্য রেকর্ড করে সমাজমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা। বিশেষ করে ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস না করার বার্তা দিয়ে তিনি বলেন, এতে অন্য দর্শকদের অভিজ্ঞতা নষ্ট হয়। পাশাপাশি তিনি এও জানান, সিনেমা হলের অভিজ্ঞতাই ছবির আসল মজা, তাই সেটি অক্ষুণ্ণ রাখাই সবার দায়িত্ব। বিতর্ক, আলোচনা আর উন্মাদনা—সব মিলিয়ে এখন ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ঘিরেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। আর টিকিট না পেয়ে কিংবদন্তির এই হাহাকার যেন সেই জনপ্রিয়তারই সবচেয়ে বড় প্রমাণ।
