গল্প নয়, সত্যি! আইপিএলে খেলার সুযোগ না পাওয়া তরুণই আজ আরসিবির চেয়ারম্যান!

0

অপেক্ষার ফল যে সত্যিই মিষ্টি হয়, তার সবচেয়ে বড় উদাহরণ যেন আর্যমান বিড়লা! একসময় ব্যাট হাতে ২২ গজে নামার স্বপ্ন দেখা তরুণ আজ সেই একই ক্রিকেটমঞ্চে ফিরলেন, তবে একেবারে অন্য ভূমিকায়- একেবারে মালিক হয়ে!

২০১৮ সালের আইপিএল। রাজস্থান রয়্যালসের দলে সুযোগ পেলেও একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি ওপেনার আর্যমান। মাঠের বাইরে বসেই কেটেছিল পুরো মরশুম। এরপর মানসিক চাপ ও উদ্বেগের সঙ্গে লড়াই করতে গিয়ে ধীরে ধীরে ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। ২০১৯ সালে নীরবেই বিদায় নেন পেশাদার ক্রিকেট থেকেই। তবে বিদায়ের সময় সমাজ মাধ্যমে একটাই কথা বলেছিলেন, আরও শক্তিশালী হয়ে ফিরবেন।

এরপর বছরের পর বছর কেটেছে। কেই বা মনে রেখেছে আর্যমানকে! স্মৃতির অতলেই হারিয়ে যেতেন। কিন্তু নিজেকে হারতে দেননি আর্যমান। একেবারে সিনেমার গল্পের মতোই, তিনি ফিরলেন।

ক্রিকেটার হয়ে নয়, ক্রিকেটারদের মালিক হয়ে। সম্প্রতি প্রায় ১৬,৭০০ কোটি টাকার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম সেই মালিকানা নিয়েছে। আর তারই সূত্রে ২৮ বছর বয়সী আর্যমান বিড়লা এখন ফ্র্যাঞ্চাইজির নতুন চেয়ারম্যান।
এক সময় মধ্য প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। ড্রেসিংরুম ভাগ করেছেন রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু জীবনের খেলার মোড় ঘুরে যায় হঠাৎই, যখন মানসিক চাপে থমকে যায় তাঁর ক্রিকেট কেরিয়ার। সেই থেমে যাওয়াই শেষ কথা হয়ে থাকেনি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন ব্যবসা ও কর্পোরেট দুনিয়ায়। কারণ ব্যবসা তাঁর রক্তে। ২৮ বছরের এই তরুণ, উদ্যোগপতি কুমার মঙ্গলম বিড়লার  ছেলে। কুমার মঙ্গলমই আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারপার্সন। নিজেকে গড়ে তুলে এবার তিনি ফিরে এলেন ক্রিকেটে- আরও বড় ভূমিকায়। যে আইপিএলে একসময় মাঠে নামা হয়নি, সেই আইপিএলেই এবার নিজের দলের গ্যালারি থেকে নেতৃত্ব দেবেন তিনি। বর্তমানে আর্যমান আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর পদে রয়েছেন। বিরাটদের দলের নতুন দায়িত্ব নিয়ে আর্যমানের গলায় আত্মবিশ্বাসের সুর। তাঁর লক্ষ্য, ক্রীড়া, ব্যবসা ও মিডিয়ার সমন্বয়ে আরসিবিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া। ক্রিকেটপ্রেমীরা দেখল, অপূর্ণ স্বপ্নের মাঠেই নতুন ইনিংস শুরু করলেন আর্যমান বিড়লা। যেখানে তাঁর জন্য রিজার্ভ বেঞ্চ নয়, যেখানে থাকবে আরসিবির চেয়ারম্যানের হট সিট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *