‘মানুষ নিজেদের সরকার বেছে নিতে পারলে নিজেদের পছন্দের সিনেমাও বেছে নেবে’,পর্দায় অশালীন ভাষার ব্যবহার প্রসঙ্গে চাঁচাছোলা ইমতিয়াজ
বলিউডে প্রেম ,সম্পর্ক এবং জীবনের গল্পকে অন্যরকম ভাবে পর্দায় তুলে ধরার নাম ইমতিয়াজ আলী। তাঁর ছবিতে যেমন থাকে আবেগ ,তেমনই থাকে বাস্তবতার ছোঁয়া। তামাশা,লয়লা মজনু,লাভ আজ কাল এর মতো বহু ছবি তিনি দর্শককে উপহার দিয়েছেন।এবার তাঁর আসন্ন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।তিনি বলেছেন সিনেমায় বিভিন্ন ভাষা ব্যবহার করা যেতে পারে।তাঁর মতে ,চলচ্চিত্রের ভাষা অনেকটাই ডারউইনের সূত্রের মতো। সেখানে দর্শক যা পছন্দ করবেন,সিনেমায় শেষ পর্যন্ত সেই ভাষাই টিকে থাকবে।
আসন্ন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-এর প্রচারের সময় দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক ইমতিয়াজ আলী আজকের হিন্দি সিনেমায় ব্যবহৃত নানা ধরনের ভাষা নিয়ে খোলামেলা কথা বলেন।তিনি জানান,গল্প ,আবহ,বা বার্তা ফুটিয়ে তুলতে এখন সিনেমায় বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়। যার মধ্যে অশালীন ভাষাও রয়েছে।তবে একজন দর্শক হিসাবে তিনি কাওকে বিচার করেন না। তাঁর মতে ,গল্প বলার স্বাধীনতা সকলের থাকা উচিত।
ছবির প্রচারের সময় পরিচালক জানিয়েছেন,”একজন দর্শক হিসেবে আমি কাউকে বিচার করি না। আমরা যদি গণতন্ত্রে বাস করি, তাহলে মানুষকেই ঠিক করতে দেওয়া উচিত তারা কী দেখতে চায়। আমার মনে হয়, সিনেমা খুবই গণতান্ত্রিক একটি মাধ্যম। মানুষ টিকিট কেটে সেই ছবিই দেখতে যাবে, যা তারা দেখতে চায়। কোনটা তাদের জন্য ভালো বা খারাপ, সেটা বলার অধিকার কারও নেই। যেমন মানুষ নিজেদের সরকার বেছে নেয়, তেমনই নিজেদের সিনেমাও বেছে নেয়। তাই আমি এটা বলার কেউ নই। আমি জানি, অনেক ছবিতে এমন সংলাপ থাকে যা চমকে দিতে পারে বা অনেকের অপছন্দ হতে পারে। তবে আমার মনে হয়, স্বাভাবিকভাবেই সেই ধরনের সংলাপ একসময় সিনেমা থেকে হারিয়ে যাবে, কারণ দর্শকরাই ঠিক করেন তারা কী দেখতে চান।”
তিনি আরও জানিয়েছেন,”আমি যা অনুভব করি সেটাই আমি দর্শকের সামনে তুলে ধরি। এর থেকে বেশি আর কী করার আছে আমার?যা স্বাভাবিকভাবে আমার নিজের মধ্যে নেই ,তা আমি দেখাতে পারি না। তবে যেটুকু আমার মধ্যে আছে,যা ব্যক্তিগতভাবে আমার নিজের,সেটাই ছবিতে সবচেয়ে বেশি স্থান পায় এবং সেটাই বাইরে আসে। আর সৌভাগ্যবশত,আমার ছবির ক্ষেত্রে সেটি কোনওরকম আপত্তিজনক ভাষা ব্যবহার হয় না। এজন্য আমি খুশি।”
উল্লেখ্য,ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ চলতি বছরের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট এবং উইন্ডো সিট প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ ,নাসিরুদ্দিন শাহ ,বেদাঙ্গ রায়না এবং শর্বরী।
