যীশুর সঙ্গে চুম্বন দৃশ্য! ৩০ বছর পর প্রতিজ্ঞা ভেঙে কেন গুরুত্বপূর্ণ কাজলের কাছে?
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘কভি খুশি কভি গম’ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেও তিনি বরাবরই একটা বিষয়ে অনড় ছিলেন, অনস্ক্রিন চুম্বন দৃশ্য করবেন না। করেনওনি। কিন্তু দীর্ঘদিনের সেই সিদ্ধান্তে ভাঙন ধরেছে ওটিটি সিরিজ ‘দ্য ট্রায়াল- পেয়ার, কানুন, ধোকা’-এ। এই সিরিজে সহঅভিনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় কাজলকে। দৃশ্যটি সামনে আসতেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা। প্রশ্ন ওঠে, কেরিয়ারের এত বছর পর হঠাৎ এই সিদ্ধান্তে বদল কেন?
সম্প্রতি এক পডকাস্টে সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিনেত্রী। কাজলের কথায়, এই সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, সম্পূর্ণভাবে পেশাগত। তিনি জানান, সিরিজে তাঁর চরিত্র ‘নয়নিকা সেনগুপ্ত’-র মানসিক টানাপোড়েন, বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব এবং জীবনের অপূর্ণতা, সবকিছুর প্রতিফলন রয়েছে ওই দৃশ্যে। ‘এটা শুধু একটা চুম্বন ছিল না, চরিত্রের যাত্রাপথের খুব গুরুত্বপূর্ণ অংশ’ মন্তব্য করেন কাজল। তবে সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না তাও স্বীকার করেন তিনি। কাজল জানান, শুটিংয়ের আগে বিষয়টা নিয়ে অস্বস্তিতে ছিলেন তিনি। তাঁর কথায়, ‘সেটে যাওয়ার আগে পর্যন্ত ব্যাপারটা অদ্ভুত লাগছিল। নিশ্চিত ছিলাম না আদৌ করতে পারব কি না, নাকি মাঝপথেই ‘কাট’ বলে বেরিয়ে আসব। তবে ক্যামেরা রোল করার পর সেই অস্বস্তি ধীরে ধীরে কেটে যায়।’ শেষ পর্যন্ত দৃশ্যটা শ্যুট করেন তিনি, কারণ তাঁর মতে, এটা বাদ দিলে চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক অসম্পূর্ণ থেকে যেত। তিনি বলেন, ‘এটা পুরো চিত্রনাট্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, তাই চরিত্রটার একটি অপরিহার্য অংশ বাদ না দিয়ে আমি এই দৃশ্যটা বাদ দিতে পারতাম না।’
ওটিটিতে ২০২৩ সালে ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোকা’ একটি কোর্টরুম ড্রামা, যেখানে নয়নিকা সেনগুপ্ত নামে এক গৃহবধূর জীবনের মোড় ঘোরার গল্প তুলে ধরা হয়েছে। স্বামীর বিতর্কিত অতীত সামনে আসার পর তিনি ফের আইন পেশায় ফিরে আসেন। সিরিজ়ে তাঁর স্বামীর চরিত্রেই অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কাজলের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করে, সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি আরও সাহসী হয়েছেন। ব্যক্তিগত সীমারেখা থাকলেও, গল্পের প্রয়োজনে সেই গণ্ডি ভাঙতে পিছপা নন অভিনেত্রী।
