অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজই লক্ষ, ‘কিং’ থেকে ‘রাকা’— টানা শুটিংয়ে ব্যস্ত দীপিকা
জীবনে আসতে চলেছে নতুন অতিথি, কিন্তু কাজের ক্ষেত্রে একটুও ফাঁকি দিতে নারাজ দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই টানা ‘শুটিং শিডিউল’ সাজিয়ে ফেলেছেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন রণবীর-দীপিকা। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁরা এই খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছিলেন। শোনা যাচ্ছে যে, তাঁরা পরিবারকে জানিয়েছিলেন যে এটি কোনও পরিকল্পিত ঘটনা ছিল না। তবে অপরিকল্পিত হলেও, খবরটি পেয়ে রণবীর সিং ও দীপিকা দুজনেই ভীষণ খুশি। বর্তমানে মাতৃত্বের পাশাপাশি কাজকেও সমান গুরুত্ব দিচ্ছেন দীপিকা।
শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের প্রায় ছমাস আগে থেকেই নিজের কাজের শিডিউল নিখুঁতভাবে সাজিয়ে ফেলেছেন দীপিকা। খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রয়েছে তাঁর, যেখানে ‘কিং’ ছবির একটি বিশেষ গানের শুট করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে সেই গানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই শিডিউলে রয়েছেন অভিষেক বচ্চন ও সুহানা খানও।
দক্ষিণ আফ্রিকার কাজ শেষ করে দেশে ফিরেই তিনি যোগ দেবেন অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিংয়ে। মুম্বইয়ে এই ছবির জন্য প্রায় ৫০-৬০ দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে। অল্লু অর্জুনের বিপরীতে এই ছবিতে দীপিকার চরিত্র ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গর্ভাবস্থার কারণে তাঁর চরিত্র ছোট করা হবে, এমন জল্পনাও উড়িয়ে দিয়েছেন নির্মাতারা।
উল্লেখ্য, এর আগে প্রথম সন্তান হওয়ার সময়, চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ‘সিংহম এগেইন’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ হয়েছিলেন পরিচালক রোহিত শেট্টিও। সব মিলিয়ে, মাতৃত্বের বিশেষ সময়েও কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে একের পর এক বড় প্রজেক্ট সামলে চলেছেন দীপিকা পাড়ুকোন, যা প্রমাণ করে তাঁর পেশাদারিত্বের।
