বছরের পর বছর অদৃশ্য! আচমকাই আকাশে ফের ডানা মেলল ‘বিলুপ্ত’ পাখিরা

0



হঠাৎ যদি বহুদিনের হারিয়ে যাওয়া কোনও প্রিয় সুর আবার কানে ভেসে ওঠে, কেমন লাগে? ঠিক তেমনই এক অদ্ভুত আবেগে ভাসছে বিশ্বজুড়ে পক্ষীপ্রেমীরা। যাদের আর কোনওদিন দেখা যাবে না বলেই ধরেই নেওয়া হয়েছিল, সেই সব পাখিরাই যেন আবার ফিরে এসে জানান দেয় প্রকৃতিতে এখনও তারা আছে।
সত্যিই তো, সময়ের বদলের সঙ্গে সঙ্গে একের পর এক প্রাণী ও পাখি হারিয়ে গেছে মানুষের চোখের সামনে থেকেই। বিবর্তন ঘটেছে। ঘটে চলেছে। ডাইনোসর, ম্যামথের মতো বহু প্রাণী আজ শুধুই ইতিহাসের অংশ। সেই তালিকায় নাম লিখিয়েছিল আরও বহু পাখি, যাদের অস্তিত্ব নিয়ে ছিল শুধু অনিশ্চয়তা আর শূন্যতা।
কিন্তু ২০২৫ যেন অন্য গল্প বলছে। বহু বছর ধরে অদৃশ্য থাকা কয়েকটি বিরল পাখির হঠাৎ দেখা মেলায় যেন নতুন করে আলো জ্বলে উঠেছে গবেষণা ও সংরক্ষণের জগতে।
ইতিহাস বলছে, এই পাখিদের খোঁজ মেলেনি এক দশক, কোথাও বা দুই দশক ধরে। কেউ নিশ্চিত ছিল না তারা আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু গত বছর, পৃথিবীর বিভিন্ন দুর্গম প্রান্তে তাদের উপস্থিতি ধরা পড়তেই চমকে উঠেছেন বিজ্ঞানীরা। এ যেন হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দ।
এই পুনরাবিষ্কার শুধু আবেগ নয়, ভবিষ্যতের জন্যও এক বড় বার্তা। দূষণ, জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, এসবের মধ্যেও যদি কোনও প্রজাতি টিকে থাকতে পারে, তবে সঠিক উদ্যোগে আরও অনেককেই ফিরিয়ে আনা সম্ভব।

এক নজরে দেখে নেওয়া যাক ফিরে পাওয়া সেই বিস্ময়গুলো-

• প্রায় ১৩ বছর পর পাপুয়া নিউগিনিয়ার অরণ্যে দেখা মিলেছে বিসমার্ক কিংফিশার (Bismarck Kingfisher)-এর। ছোট্ট এই রঙিন পাখির ফিরে আসা যেন এক আশ্চর্য ইঙ্গিত।

বিসমার্ক কিংফিশার

• প্রায় ২১ বছর পর ইন্দোনেশিয়ার বিয়াক দ্বীপে ধরা দিয়েছে বিয়াক মাইজোমেলা (Biyak Myzomela)।  মধু ভক্ত এই পাখির অস্তিত্ব আবার চোখে পড়ায় উচ্ছ্বসিত গবেষকরা।

বিয়াক মাইজোমেলা

• পশ্চিম পাপুয়ার পাহাড়ি অঞ্চলে ১১ বছর পর দেখা মিলেছে ব্রড বিল্ড ফেইরিরেন (Broad-Billed Fairywren) এর। শুধু দেখা নয়, তার ছবি ও ডাকও সংরক্ষিত হয়েছে, যা প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রড বিল্ড ফেইরিরেন

• ফিলিপিন্সের সুলু দ্বীপপুঞ্জে ১৮ বছর পর ফিরে এসেছে সুলু কুকুশ্রাইক (Sulu Cuckooshrike)। দীর্ঘ নীরবতার পর এই ফিরে আসা যেন এক নতুন গল্পের শুরু।

সুলু কুকুশ্রাইক

• লুজন দ্বীপে ১৭ বছর পর দেখা গেছে রুফাস-ব্রেস্টেড ব্লু ফ্লাইক্যাচার (Rufous-Breasted Blue Flycatcher)-কে। তার রঙিন উপস্থিতি যেন আবার মনে করিয়ে দিল—প্রকৃতি কখনও পুরোপুরি হারায় না।

রুফাস-ব্রেস্টেড ব্লু ফ্লাইক্যাচার

শেষ পর্যন্ত, এই ফিরে আসাগুলো শুধু কয়েকটি পাখির গল্প নয়, এ যেন আশার গল্প। হারিয়ে যাওয়া সব কিছুই হয়তো একদিন ফিরে আসে না, কিন্তু কিছু কিছু ফিরে আসাই বিশ্বাসটা বাঁচিয়ে রাখে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *