‘সিংঘম’ ছায়ায় ভোট! দ্বিতীয় দফায় নজিরবিহীন নজরদারিতে ১৪২ কেন্দ্রে ভোট প্রস্তুতি

0

বুধবার দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হল রাজ্যের একাধিক স্পর্শকাতর কেন্দ্র। আর সেই নিরাপত্তা ঘিরেই এবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অজয় পাল শর্মা, যিনি পুলিশ মহলে ‘সিংঘম’ নামেই বেশি পরিচিত।

তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই অজয় পাল শর্মার তৎপরতা প্রশ্ন তুলছে। শাসকদলের দাবি, তাঁর উপস্থিতি ভোটের আগে অযথা চাপ ও আতঙ্ক তৈরি করছে।

উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ হিসেবে পরিচিত এই অফিসার ২০১১ ব্যাচের আইপিএস। নয়ডা ও রামপুরে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে ১০০-রও বেশি এনকাউন্টারের নজির রয়েছে। বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেও বাংলায় তাঁর নিয়োগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
অন্যদিকে, নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটই মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে রাজ্যজুড়ে জোরদার হয়েছে ধরপাকড়। সোমবার রাতেই ভোটপ্রস্তুত জেলাগুলিতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার আগে গ্রেফতারের সংখ্যা বেড়ে ২৩০০-র গণ্ডি পেরিয়েছে। এর আগে ৩৬ ঘণ্টায় দেড় হাজারের বেশি দুষ্কৃতীকে ধরার পাশাপাশি একদিনেই ১০৯৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।
নিরাপত্তা জোরদারে পূর্ব বর্ধমানের নাদনঘাট ও কেতুগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম ও ফলতা—এই ছ’টি কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট ২৩৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ১৪২টি বিধানসভা কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৩০ শতাংশ বুথকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গেও নজরদারি চালানো হচ্ছে।
ভাঙড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড, এসএসটি-র পাশাপাশি কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। সেখানে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
সব মিলিয়ে, ‘সিংঘম’ আইপিএসকে ঘিরে বিতর্কের মাঝেই কড়া নিরাপত্তার বলয়ে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন নজর, বুধবার কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ পর্ব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *