শেষ দফার ভোটে চূড়ান্ত প্রস্তুতি, ১৪২ আসনে ১,৪৪৮ প্রার্থী! জেনে নিন সর্বাধিক ও সর্বনিম্ন প্রার্থী কোথায়!
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ বুধবার। তার আগে মঙ্গলবার জোরকদমে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। প্রচারপর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড, আর তার মধ্যেই ভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই দফায় মোট ৮টি নির্বাচনী জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সকাল সাতটা থেকে শুরু হবে ভোট। মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭। এর মধ্যে মহিলা ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজারের বেশি। কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে শহরাঞ্চলেও ভোটের উত্তাপ তুঙ্গে।
কলকাতা উত্তরে মোট ভোটার ১০ লক্ষ ৮৪ হাজার ১৭২। এর মধ্যে পুরুষ ৫ লক্ষ ৫৬ হাজার ৯৯২, মহিলা ৫ লক্ষ ২৭ হাজার ১৪৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। অন্যদিকে, কলকাতা দক্ষিণে মোট ভোটার ৬ লক্ষ ৭৯ হাজার ১৭৩। পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৪ হাজার ৯১১, মহিলা ৩ লক্ষ ৩৪ হাজার ২৩৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। দুই জেলাতেই পিডব্লিউডি ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন।দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনের জন্য মোতায়েন করা হয়েছে সর্বাধিক ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও ভিনরাজ্যের পুলিশ বাহিনী। স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। প্রার্থীর সংখ্যাতেও নজরকাড়া এই দফা। মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে সবচেয়ে বেশি, ১৯ জন প্রার্থী লড়ছেন। বিপরীতে হুগলির গোঘাট (এসসি) কেন্দ্রে প্রার্থী সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৫।
শিক্ষাগত যোগ্যতার বিচারে দেখা যাচ্ছে, ১৬ জন প্রার্থী নিজেদের নিরক্ষর বলে ঘোষণা করেছেন। ৩৯ জন জানিয়েছেন তাঁরা কেবলমাত্র অক্ষরজ্ঞানসম্পন্ন। ৬৪৬ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে, আর ৭২১ জন স্নাতক বা তার ঊর্ধ্বে শিক্ষিত। এছাড়া ২০ জন ডিপ্লোমাধারী প্রার্থী রয়েছেন।
ভোটগ্রহণের জন্য খোলা হচ্ছে মোট ৪১০০১টি বুথ, যার মধ্যে ৩৯,৩০১টি প্রধান এবং ১,৭০০টি অক্সিলিয়ারি বুথ। শহরে ১৪,২১৮টি এবং গ্রামে ২৫,০৮৩টি বুথ। এর মধ্যে ৮,৮৪৫টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ, ২৫৮টি মডেল বুথ এবং ১৩টি পিডব্লুডি পরিচালিত বুথ রয়েছে। বিশেষ ভোটারদের ক্ষেত্রেও নজর দেওয়া হয়েছে। সার্ভিস ভোটার ৩৯,৯৬১, পিডব্লুডি ভোটার ৫৭,৭৮৩। ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ৮০১ ও শতবর্ষী ভোটার ৩,২৪৩ জন। নতুন প্রজন্মের অংশগ্রহণও উল্লেখযোগ্য, ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটার ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮।
নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং কলকাতার দুই জেলাজুড়ে ভোটগ্রহণ ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি। ফল ঘোষণা হবে ৪ মে। সব মিলিয়ে শেষ দফার ভোট ঘিরে প্রশাসন থেকে সাধারণ ভোটার, সকলের নজর এখন বুধবারের দিকে।
জেনে নিন একনজরে-
• বুধবার ৮টি জেলায় ১৪২ আসনে ভোটগ্রহণ
• মোট ভোটার ৩.২১ কোটির বেশি, মহিলা ভোটার ১.৫৭ কোটির বেশি
• প্রতিদ্বন্দ্বী ১,৪৪৮ জন, মহিলা প্রার্থী ২২০
• সর্বাধিক ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
• মোট বুথ ৪১,০০১, এর মধ্যে ৮,৮৪৫টি মহিলা পরিচালিত
• ভাঙড়ে সর্বাধিক ১৯ প্রার্থী, গোঘাটে সর্বনিম্ন ৫
• ১৬ জন নিরক্ষর, ৭২১ জন স্নাতক বা তার ঊর্ধ্বে শিক্ষিত
