‘যে দলের হয়ে প্রচার করেছি,চাইব সেই দলই যেন জয়ী হয়’ ভোটকেন্দ্র থেকে বেরিয়ে কী বার্তা দেবের?
২০২৬- এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ঘিরে চলছে উৎসবের আবহ। সকাল সাতটা থেকেই কলকাতা, হাওড়া ,পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় ভোট শুরু হয়েছে।ভোট উৎসবে সামিল হয়েছেন টলিপাড়ার বহু সেলেব।প্রতিবারের মতো চেনা ছন্দে ভোট দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। ভোটকেন্দ্রে ঢুকতেই ভিড় জমায় অনুরাগীরা।মা,বাবা ও বোনকে সঙ্গে নিয়ে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোটদান সম্পন্ন করেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ।
তিনি জানান ,ভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়। এটি মানুষের একটি গণতান্ত্রিক অধিকার।তাই প্রত্যেক নাগরিকের উচিত আনন্দের সঙ্গে এই দায়িত্ব পালন করা। ভোট দিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়ে জানান,যদি দেশের কেন্দ্রীয় বাহিনী পোশাক বা ধর্ম দেখে ভোট দিতে বাধা দেয় তাহলে একটি গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাঁর দাবি,তৃণমূল সবসময় এই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই করে।এছাড়াও তিনি বলেন,”যে দলের হয়ে একমাস ধরে প্রচার করেছি,সেই দলই যেন জয়ী হয় সেটাই চাইব।”
এদিন রাজ্যের সাত জেলায় ১৪২ টি আসনে ভোটগ্রহণ চলছে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কড়া নিরাপত্তার মধ্যেই ভোটপর্ব শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন ,ভোটারদের উৎসাহ এবং তারকাদের উপস্থিতিতে দ্বিতীয় দফার ভোট যেন এক অন্য মাত্রা পেয়েছে।
