বঙ্গে টানটান লড়াই! প্রথম দফার ট্রেন্ডে এগিয়ে বিজেপি, তবে ব্যবধান কি কমাতে পারবে তৃণমূল

0

৪ মে, সোমবার। এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আজই স্পষ্ট হবে মানুষের রায়, ভোটাররা কি ফের ক্ষমতাসীনদের ওপর আস্থা রাখলেন, নাকি পরিবর্তনের পথ বেছে নিলেন। সেই সিদ্ধান্তই ঠিক করে দেবে, রাজ্যের ক্ষমতায় আবার ফিরবে তৃণমূল, নাকি প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথে এগোবে।
সকাল ৮টা থেকে রাজ্যের সব কেন্দ্রেই একসঙ্গে শুরু হয়েছে ভোটগণনা। নিয়ম মেনে প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট। গণনার শুরুর প্রায় আধঘণ্টা শুধুমাত্র এই ব্যালটগুলিই গণনা করা হয়। এরপর শুরু হয়েছে ইভিএমের ভোট গণনা। এখন পোস্টাল ব্যালট ও ইভিএম—দু’টির গণনাই একসঙ্গে চলছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ২৯৩টি আসনে (ফলতা বাদে) ভোটগণনা চলছে। যদিও আগের তালিকায় ২৯৪টি আসনের উল্লেখ ছিল।
তৃতীয় রাউন্ডের গণনা শেষে একাধিক কেন্দ্রে ওঠানামা করছে ফলাফলের ট্রেন্ড। প্রাপ্ত ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের লড়াই জমে উঠেছে। বিজেপি ১৫৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৪টি আসনে লিড ধরে রেখেছে। বামফ্রন্ট ও কংগ্রেস—উভয়েই আপাতত ২টি করে আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি অন্যান্যরাও ২টি আসনে লিডে আছে।
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৮,৬০০ ভোটে এগিয়ে রয়েছেন। কামারহাটিতে তৃণমূলের সুজিত বসু প্রায় ১,৫০০ ভোটে পিছিয়ে, যা শাসক শিবিরের জন্য কিছুটা চিন্তার। বেলেঘাটায় তৃণমূলের কুণাল ঘোষ শক্ত অবস্থানে, প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে।
নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারী ৭,৬৯৮ ভোটে লিড ধরে রেখেছেন, যা এই হাই-প্রোফাইল কেন্দ্রে গেরুয়া শিবিরের জন্য ইতিবাচক ইঙ্গিত। শিবপুরে বিজেপির রুদ্রনীল ঘোষ এগিয়ে, পাশাপাশি বরানগরেও বিজেপির সজল ঘোষ লিডে রয়েছেন। পিছিয়ে অভিনেত্রী সায়ন্তিকা।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার একাধিক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে বলে প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে। খড়গপুরে বিজেপির দিলীপ ঘোষ ১,৪০৩ ভোটে এগিয়ে থেকে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন।
সব মিলিয়ে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ফলাফল এখনও অনিশ্চিত। প্রতিটি রাউন্ডেই বদলে যেতে পারে ছবিটা। কোথাও বিজেপি এগিয়ে, তো কোথাও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তৃণমূল- হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে শেষ কথা বলবে চূড়ান্ত ফলাফলই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *