রুপোলি পর্দা থেকে রাজনীতির মঞ্চে ঝড়, গণনায় চমক দেখাচ্ছেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর ভোট গণনায় নজিরবিহীন চমক। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের হাত ধরে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। তাঁর দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) প্রথম দফার ট্রেন্ড থেকেই এগিয়ে থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বহুদিনের প্রতিষ্ঠিত শক্তিগুলিকে।
সোমবার সকাল থেকে গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায়, এই নির্বাচন একেবারেই একমুখী নয়। বরং ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজয়ের টিভিকে ৮৪টি আসনে এগিয়ে থেকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতাসীন এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) জোট আপাতত ৫৪টি আসনে লিড ধরে রেখে চাপে রয়েছে। অন্যদিকে, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ-ও পিছিয়ে নেই। তারা ৭৭টি আসনে এগিয়ে থেকে লড়াইয়ে টিকে রয়েছে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন—ফলে এই মুহূর্তে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কারও হাতে নেই।
তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। রাজনৈতিক ময়দানে এটা তাঁর প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই কার্যত চমক দেখাচ্ছেন তিনি। ট্রেন্ড নিজেদের পক্ষে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তাঁর সমর্থকেরা। দলের নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের পরিবর্তনের ইচ্ছাই এই ফলাফলে প্রতিফলিত হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, বেশিরভাগ বুথফেরত সমীক্ষা যেখানে ডিএমকে জোটের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল, সেখানে বাস্তব চিত্রে অন্য রকম বার্তা মিলছে। কিছু পূর্বাভাসে বিজয়ের দলকে বড় শক্তি হিসেবে দেখানো হলেও, বর্তমান গতিপ্রকৃতি সেই সম্ভাবনাকেই আরও জোরালো করছে।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণে বিপুল সাড়া পড়ে, প্রায় ৮৫ শতাংশের বেশি ভোটদান হয়। প্রায় ৫ কোটি ৬০ লক্ষ ভোটারের রায় গণনা এখন চূড়ান্ত পর্যায়ে। ২০২১ সালে ডিএমকে জোটের বিপুল জয়ের পর এবারের নির্বাচন যে সম্পূর্ণ ভিন্ন মোড় নিতে পারে, তারই ইঙ্গিত মিলছে বর্তমান ট্রেন্ডে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ছবিতে বদল আসতে পারে, তবে এখন পর্যন্ত থালাপতি বিজয়ের অপ্রত্যাশিত উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করছে। শেষ পর্যন্ত এই গতি বজায় থাকলে, রুপোলি পর্দার তারকার জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক রাজনৈতিক সাফল্য।
