‘কেউ যখন আমাদের সঙ্গে থাকতে চায় না সেটাই একাকিত্ব’,সলমনের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন মা,কী বললেন ‘ভাইজান’?
বলিউডে সলমন খানের আরেক নাম ‘দাবাং’। বয়স ৬০ ছুঁলেও তাঁর প্রেম,বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। বরাবরই তাঁকে দেখা যায় হাসি-খুশি একজন মানুষ হিসাবে। কিন্তু এবার যেন নিজের চেনা ভাবমূর্তি থেকে একেবারে বেরিয়ে এল এক অন্য সলমন। ‘একা থাকা’ এবং ‘একাকিত্ব’ নিয়ে অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া। কী এমন বললেন ‘ভাইজান’?
সম্প্রতি ,নিজের সমাজমাধ্যমে শার্টলেস একটি ছবি পোস্ট করেছিলেন সলমন।৬০ বছরেও এমন ফিটনেস দেখে অনুরাগীদের চোখ যে কপালে উঠেছে তা বললেও ভুল হবে না। তবে ভক্তদের চোখ পড়ে তাঁর ছবির ক্যাপশনের উপর। তিনি লেখেন,”একা থাকা আপনার নিজের পছন্দের হতে পারে,কিন্তু যখন কেউ আপনার সঙ্গে থাকতে চায় না ,তখনই আসে একাকিত্ব।এখন আপনার যথেষ্ট জ্ঞান হয়েছে ,এরপরে কী হতে পারেন সেটাও জানেন।” তাঁর এই লেখা পড়েই চিন্তায় পড়ে যান ভক্তরা।অনেকেই মনে করেন,তাহলে কি নিজের জীবনে একাকিত্বে ভুগছেন অভিনেতা?

তবে অনুরাগীদের উদ্বেগ বাড়তেই ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ভাইজান।নতুন পোস্টে তিনি লেখেন,”আমি নিজের কথা বলছি না। আমার এত বড় একটা পরিবার এবং বন্ধু থাকতে আমি হব কী করে? আমার কাছে তোমাদের ভালবাসা এবং আশীর্বাদ আছে। মাঝে মাঝে সারাক্ষণ মানুষের আশেপাশে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে যাই। তাই আমার শুধু একটু নিজের জন্য সময় দরকার হয়। এটুকুই যথেষ্ট।তবে ঘটনাটি ব্রেকিং নিউজ হয়ে উঠেছে। মা পর্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছেন কী হয়েছে ?” তবে অনুরাগীদের চিন্তা না করারই উপদেশ দেন সলমন। ভাইজানের এই বার্তার পর স্বস্তি পেয়েছে তাঁর অনুরাগীরা।
