‘বয়স হলেও লড়াই করতে ভুলিনি,জেলে ভরবেন?’, ফের বিস্ফোরক পোস্ট সলমনের
সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে সলমন খান। মঙ্গলবার মাঝরাতে ‘নিজস্বী’ পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন বলিউডের ‘সুলতান’। তবে তাঁর এমন পোস্ট দেখে অনুরাগীদের প্রশ্ন উঠছে যে কার উপর তাঁর এই রাগ?
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, মঙ্গলবার রাতে পরিবারের এক সদস্যকে দেখতে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন সলমন খান। অভিনেতা বেরোতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। অতিরিক্ত ভিড় দেখে অত্যন্ত বিরক্ত হন ভাইজান। মেজাজ হারিয়ে সরাসরি বলে ওঠেন, “মাথা খারাপ নাকি?” তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেও রাত গড়াতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তাঁর ক্ষোভ প্রকাশ করা।নিজের কয়েকটি নিজস্বী পোস্ট করে সলমন লেখেন, “আমি সবসময় যাদের সম্মান করেছি, পাশে থেকেছি। কিন্তু আমার ব্যক্তিগত কষ্ট বা পরিবারের কঠিন মুহূর্তকে যদি কেউ ক্যামেরাবন্দি করে লাভের সুযোগ হিসেবে দেখতে চান, সেটা আমি কোনওভাবেই মেনে নিতে পারব না।”
এমনকী নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’-র প্রসঙ্গ টেনে অভিনেতা প্রশ্ন তোলেন, “ছবিটা বেশি গুরুত্বপূর্ণ নাকি জীবন?” অন্য একটি ছবিতে লেখেন,”৬০ বছর হয়ে গেলেও , লড়াই করতে ভুলিনি এটা মনে রাখবেন।জেলে ভরবেন?” প্রসঙ্গত, ‘মাতৃভূমি’ ছবির শুটিং শেষ হলেও রাজনৈতিক সংবেদনশীলতা এবং পোস্ট-প্রোডাকশনের কাজের কারণেই ছবির মুক্তি আপাতত পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য,কিছুদিন আগেই তাঁর বাবা সালিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে মঙ্গলবার রাতে ঠিক কার জন্য হাসপাতালে গিয়েছিলেন সলমন তা এখনও স্পষ্ট নয়।
