‘আজকের বলিউডে আর নেই সেই বন্ধুত্ব!’,হৃত্বিককে নিয়ে কোন স্মৃতি ভাগ করে নিলেন আমিশা?
বলিউডে এমন কিছু ছবি রয়েছে যা শুধু বক্স অফিসেই নয়,মানুষের মনেও জায়গা করেছে পাকাপাকি।২০০০ সালে মুক্তিপ্রাপ্ত রাকেশ রোশন পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’ ঠিক তেমনই এক ছবি।দমদার রোম্যান্স,গান আর আবেগে ভরপুর এই ছবি রাতারাতি সুপারস্টার বানিয়েছিল হৃত্বিক রোশন ও আমিশা পাটেল-কে।২৬ বছর পেরিয়ে গেলেও পর্দার রোহিত-সনিয়ার রসায়ন আজও তরতাজা ভক্তদের মনে।এবার সেই আবেগেই গা ভাসালেন অভিনেত্রী আমিশা পাটেল।নিজের কর্মজীবনের অত্যন্ত জনপ্রিয় ছবির শুটিংয়ের সময়কার একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন সেই পুরনো স্মৃতিতে ফিরলেন আমিশা।
রবিবার ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেন আমিশা।ছবিটিতে দেখা যাচ্ছে, ফুকেতে শুটিং চলাকালীন একটি রেস্তরাঁয় সহ অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে নৈশভোজে ব্যস্ত অভিনেত্রী।ছবিটি পোস্ট করে তিনি লেখেন,”ভক্তদের জন্য রবিবারের স্মৃতিমাখা মুহূর্ত।কহো না পেয়ার হ্যায়-এর শুটিংয়ের সময় ফুকেতের একটি সুন্দর রেস্তরাঁয় হৃত্বিকের সঙ্গে নৈশভোজের মুহূর্ত।সেই আন্তরিক সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব আজকের বলিউডে খুব একটা দেখা যায় না। নিজেকে ভাগ্যবান মনে করি,কারণ এমন বন্ধুত্ব আজও টিকে রয়েছে।”
আমিশার এই আবেগঘন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।ভক্তদের পাশাপাশি বলিউডের বহু পরিচিত মুখও প্রতিক্রিয়া জানান সেই ছবিতে।হৃত্বিকের মা পিঙ্কি রোশন লেখেন,”এই স্মৃতিটা সত্যিই দারুন।”অন্যদিকে ,সাবা পটৌদী লেখেন,”খুবই মিষ্টি একটা মুহূর্ত।”শুধু তারকারাই নন ,অনুরাগীরাও ফিরেছেন ২০০০ সালের সেই সময়। কেউ লিখেছেন,”এত বছর পরেও তোমাদের দুজনকে একইরকম সুন্দর লাগে,আবার কেউ লেখেন,”এক পাল কে জিনা-র সময় তোমাদের দেখার কথা এখনও মনে আছে।”
উল্লেখ্য,২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না পেয়ার হ্যায়’ বলিউডের ইতিহাসে এক বিশেষ অধ্যায়।এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল হৃত্বিক রোশন ও আমিশা পাটেল-এর। ছবিটি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে এবং রাতারাতি তাঁদের জুটিকে বিখ্যাত হয়ে যায়। ছবিটি সেই সময় বক্স অফিসে ৭৩ কোটি টাকা আয় করে।হৃত্বিক-আমিশার পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের,ফরিদা জালাল,সতীশ শাহ সহ অনেকে।
