১ জুন শুরু ফর্মপূরণ, লক্ষ্মীর ভাণ্ডার পেলেই হবে না, অন্নপূর্ণা যোজনার জন্যও আবেদন বাধ্যতামূলক

0



রাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাশাপাশি এবার চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’।নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে এই প্রকল্পের ফর্ম পূরণের কাজ শুরু হবে এবং টানা ৯০ দিন ধরে চলবে এনরোলমেন্ট প্রক্রিয়া। সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাচ্ছেন, তাঁদের সকলকেই নতুন করে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণ করতে হবে। তবে আতঙ্ক বা তাড়াহুড়োর কোনও কারণ নেই। যতদিন না নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত আগের মতোই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পাওয়া যাবে।
ফর্ম অনলাইন ও অফলাইন, দুইভাবেই জমা দেওয়া যাবে। বিডিও অফিস, পুরসভা এবং বিভিন্ন সরকারি ক্যাম্প থেকে ফর্ম পাওয়া যাবে। যাঁরা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবেন সরকারি কর্মীরা। আধার পরিষেবা কর্মী, ভোটার তালিকা প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের এই কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই সুবিধা পাবেন। এরমধ্যেই অভিযোগ উঠেছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর তালিকায় ভুয়ো নাম, মৃত ব্যক্তি, এমনকী অযোগ্যদের নামও রয়েছে। সেই কারণে নতুন করে তথ্য যাচাই করা হবে। আয়করদাতা, সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতন বা পেনশনপ্রাপ্তরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। সরকারের দাবি, এই ফর্মের মাধ্যমে পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে, যাতে ভবিষ্যতে অন্য সামাজিক প্রকল্পের সুবিধাও পৌঁছে দেওয়া যায়। আগামী ১৫, ১৬ ও ১৭ জুন ‘জনকল্যাণ শিবির’-এর আয়োজন করা হবে। সেখানেও আবেদনপত্র পূরণে সাহায্য করা হবে। বর্তমানে প্রায় ২ কোটি ২০ লক্ষ মানুষ ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পান। তবে যাচাইয়ের পরে বহু ভুয়ো বা অযোগ্য নাম বাদ যেতে পারে বলে প্রশাসনের অনুমান। একইসঙ্গে নতুন আবেদনও জমা পড়বে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘স্বচ্ছতা বজায় রেখেই প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সাহায্য পৌঁছে দিতে চাই। কেউ বঞ্চিত হবেন না, আবার অযোগ্যরাও সুবিধা পাবেন না’।

অন্নপূর্ণা যোজনা: গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
• আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণ, টানা ৯০ দিন ধরে চলবে এনরোলমেন্ট প্রক্রিয়া
• অনলাইন ও অফলাইন- দু’ভাবেই আবেদন করা যাবে, বিডিও অফিস, পুরসভা এবং সরকারি ক্যাম্প থেকে মিলবে ফর্ম
• বর্তমান ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকদের সকলকেই নতুন ফর্ম পূরণ করতে হবে
• যতদিন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত না হচ্ছে, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা বন্ধ হবে না
• নতুন প্রকল্পে এনরোলমেন্ট সম্পূর্ণ হলেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ হয়ে যাবে
• সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন, আধার পরিষেবা কর্মী, ভোটার তালিকা তৈরির কর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা এই কাজে যুক্ত থাকবেন
• ১৫, ১৬ ও ১৭ জুন আয়োজন করা হবে ‘জনকল্যাণ শিবির’
• প্রকল্পে শুধুমাত্র যোগ্য ও প্রকৃত উপভোক্তারাই সুবিধা পাবেন, আয়করদাতা, সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতন বা পেনশনপ্রাপ্তরা সুবিধা পাবেন না
• মৃত, ভুয়ো ও স্থানান্তরিত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে, পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে সরকার
• নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হলে জুন মাস থেকেই টাকা পাওয়ার সম্ভাবনা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *