‘দাদা প্রচুর টিপস দিয়েছে,দাদাকে রিপ্লেস করিনি’,এ বার ‘নতুন বন্ধু’ হিসাবেই দাদাগিরির মঞ্চে দেব
বাংলা টেলিভিশনের জনপ্রিয় কুইজভিত্তিক রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-তে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।দীর্ঘ ১৮ বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে এবার সেই জায়গায় সঞ্চালকের দায়িত্ব নিচ্ছেন টলিউড সুপারস্টার দেব।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রোমো এবং প্রথম পর্বের শুটিংয়ের ঝলক।আগামী ৫ জুলাই, রবিবার জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘দাদাগিরি’র ১১তম সিজনের প্রথম পর্ব।’দাদাগিরি’তে সঞ্চালনার প্রস্তাব পাওয়ার পর প্রাক্তন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল সুপারস্টারের।তবে সেই সম্পর্কে কী বললেন অভিনেতা?
১১ তম সিজনের প্রথম পর্বের শুটিংয়ে এসে সুপারস্টার দেব বলেন,”দাদা তো আমাকে প্রচুর টিপস দিয়েছে।আমি এই জায়গাটা নিয়েছি বলে দাদা খুব খুশি।সবাই জানে দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।এমনটা নয় যে আমি দাদাকে রিপ্লেস করেছি।আসলে সবাই আরও ভালো কাজ করতে চায়।দাদার মনে হয়েছে অন্য কিছু,চ্যানেলেরও মনে হয়েছে অন্যরকম কিছু।আমারও সেরকমই কিছু মনে হয়েছে।যা হয়,সেটা তো ভালোর জন্যই হয়।আশা করব দর্শকরা ১০টা সিজন ধরে যেমন দাদাগিরি দেখে এসেছেন,১১ নম্বর সিজনটাও ততটাই ভালোবেসে দেখবেন।”এছাড়াও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব আরও বলেন,”নতুন দাদা কিনা জানি না,তবে নতুন বন্ধু হয়ে আসছি।আমার মনে হয়,দাদাগিরি না করেও ভালবেসে দাদাগিরি করা যায়।২০১৫-১৬ সালেও অনেক জায়গায় সঞ্চালনা করেছি।কিন্তু দাদাগিরি বাংলার সবচেয়ে বড় শো।গত ১৮ বছর ধরে যতবারই এখানে এসেছি,বাচ্চাদের ভালবাসা আর নিয়মিত দর্শকের উচ্ছ্বাস আমাকে অন্যরকম অনুভূতি দিয়েছে। দাদাগিরি আমার কাছে অনেক বড় দায়িত্ব।আশা রাখব,গত ১৮ বছরে ১০টি সিজন ধরে যে ভালোবাসা এই অনুষ্ঠান পেয়েছে,আগামী দিনেও সেই ভালোবাসাই যেন বজায় থাকে।”
সম্প্রতি কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজনের প্রথম পর্বের শুটিং।গোটা অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ।সম্পূর্ণ কালো পোশাকে মঞ্চে হাজির হন দেব।নতুন সঞ্চালককে ঘিরে দর্শক ও অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।প্রথম পর্বকে স্মরণীয় করে তুলতে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি।অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়,জনপ্রিয় গায়ক শান,শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া,ব্যাঙ্কার চন্দ্রশেখর ঘোষ এবং ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। তবে বিশেষ আকর্ষণ ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একসঙ্গে উপস্থিতি।রঙ মিলিয়ে পোশাক পরে মঞ্চে হাজির হন দু’জন। আগামী দিনে মুক্তি পেতে চলা তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’-এর আবহও যেন তৈরি হয়ে যায় এই মঞ্চে।এই নতুন সিজনের পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন।প্রথম দিনের শুটিংয়ে দেবের প্রবেশ থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে উপস্থাপনের জন্য তিনি নিজে সারাক্ষণ সেটে উপস্থিত থেকে সমস্ত কাজ তদারকি করেন।বড়পর্দায় অভিজিৎ সেনের পরিচালনায় অভিনয় করলেও, ছোটপর্দার এত বড় রিয়্যালিটি শো-তে তাঁর নির্দেশনায় এই প্রথম কাজ করলেন দেব।
উল্লেখ্য,২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘দাদাগিরি’।এরপর দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানের মুখ হয়ে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়।শুধুমাত্র তৃতীয় সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।বছরের পর বছর ধরে সপ্তাহান্তের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে ‘দাদাগিরি’ টিআরপি-তেও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে।এবার সেই ঐতিহ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেব।নিজের স্বতন্ত্র উপস্থাপনা, তারকাসুলভ উপস্থিতি এবং প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে তিনি দর্শকের মন কতটা জয় করতে পারেন,এখন সেদিকেই তাকিয়ে বাংলা টেলিভিশনের দর্শক।
