প্রাক্তন স্ত্রীদের উপস্থিতিতে তৃতীয় বিয়ে,শপথে গৌরির ‘রক্ষাকর্তা’ আমির
দীর্ঘদিনের ভালবাসার সম্পর্কে এবার আনুষ্ঠানিক সিলমোহর।রবিবার,৫ জুলাই মুম্বইয়ের পালি হিলে নিজের বাড়িতেই একান্ত পারিবারিক পরিবেশে গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা আমির খান।স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি করে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন পথচলা শুরু করেন নবদম্পতি।পরিবারের সদস্য,সন্তান এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে।
বিয়ের জন্য আমির বেছে নিয়েছিলেন একটি সাদামাটা ক্রিম রঙের কুর্তা।অন্যদিকে, গৌরী পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা।গয়না এবং পোশাক নিয়ে তাঁর সাজ ছিল মার্জিত ও আভিজাত্যপূর্ণ।বিয়ের আগেই অভিনেতা জানিয়েছিলেন কোনওরকমের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে নারাজ।তাই বাড়িতেই আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী,সন্তানরা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও।প্রসঙ্গত,বিয়ের আগে এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথাও খোলাখুলিভাবে জানিয়েছিলেন আমির।তাঁর কথায়,”গৌরী আর আমি একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ।আমরা জীবনের সঙ্গী।আমার মন থেকে আমি ইতিমধ্যেই ওকে বিয়ে করে ফেলেছি। আনুষ্ঠানিকভাবে বিয়ে করব কি না,সেটা সময়ই ঠিক করবে।”
অনুষ্ঠানের প্রথম ছবিতে নবদম্পতিকে হাসিমুখে দেখা যায়।পরে তাঁদের বিয়ের শপথ নেওয়া,একে অপরের হাত ধরে আবেগঘন মুহূর্ত ভাগ করে নেওয়া এবং স্বামী-স্ত্রী হিসেবে প্রথম নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।বিয়েতে গৌরী শপথ পাঠের সময় আমিরকে নিজের ‘রক্ষাকর্তা’ বলে উল্লেখ করেন।তবে আমির ও গৌরীর পরিচয় আজকের নয়।প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হলেও,সময়ের স্রোতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।২০২৩ সালে পরিবারের এক সদস্যের মাধ্যমে আবার যোগাযোগ হয় দু’জনের।বন্ধুত্ব ধীরে ধীরে ভালবাসায় পরিণত হয় এবং অবশেষে সেই সম্পর্কই স্বীকৃতি পায় বিবাহবন্ধনে।নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আমির।
উল্লেখ্য,বলিউড অভিনেতা আমিরের প্রথম বিয়ে হয় রিনা দত্তের সঙ্গে এবং কিরণ রাও-এর সঙ্গে দ্বিতীয় বিয়ে।দুই সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের নিয়ে সহ-অভিভাবক হিসেবে তাঁদের পারস্পরিক সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ।সেই পারিবারিক বন্ধনের ছবিও ধরা পড়েছে এই বিয়ের অনুষ্ঠানে।জীবনের নতুন এই অধ্যায়ে আমির ও গৌরীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ।
