‘আশা করি আমাদের নতুন জীবন সুখের হবে’,রাত পোহালেই গৌরীর সঙ্গে গাঁটছড়া আমিরের
দীর্ঘদিনের বন্ধুত্ব,জীবনের নানা উত্থান-পতন, ভাঙা দাম্পত্য—সব মিলিয়ে বলিউড অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।তবে এবার সেই গল্পে যোগ হতে চলেছে নতুন অধ্যায়।প্রায় ২৫ বছরের পরিচয়,দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ককে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট ।রাত পোহালেই মুম্বইয়ে অভিনেতার বাড়িতেই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হবে তাঁদের বিয়ে।
সম্প্রতি,পরিচালক রাজকুমার হিরানির প্রথম ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন আমির খান।ছেলে জুনেইদ খানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন,”আমি ৫ জুলাই বিয়ে করছি।বাড়িতেই খুব সাধারণভাবে অনুষ্ঠান হবে।শুধু পরিবারের সদস্য এবং খুব কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন।সকলের আশীর্বাদ চাই।আশা করি, আমাদের নতুন জীবন সুখের হবে।”জাঁকজমকপূর্ণ কোনও অনুষ্ঠান নয়,একেবারে ব্যক্তিগত পরিসরেই এই বিয়ে হবে বলে জানিয়েছেন অভিনেতা।আমির এবং গৌরী দু’জনেই চেয়েছেন, তাঁদের জীবনের এই বিশেষ দিনটি যেন পরিবারের মানুষদের নিয়েই সীমাবদ্ধ থাকে।
প্রসঙ্গত,আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৫ সালে।কিন্তু তাদের পরিচয় আজকের নয়।প্রায় ২৫ বছর আগে প্রথমবার একে অপরের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁদের।এরপর জীবনের ব্যস্ততা ও ভিন্ন পথচলার কারণে দীর্ঘদিন যোগাযোগ ছিল না।পরে আমিরের এক আত্মীয়ের মাধ্যমে আবার যোগাযোগ হয় দু’জনের।সেই থেকেই শুরু হয় নতুন বন্ধুত্ব,যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়।২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার গৌরীকে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন আমির। তখন তিনি বলেছিলেন, “ভাবলাম,এটাই উপযুক্ত সময় সবাইকে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার।আর লুকিয়ে থাকারও দরকার নেই।গৌরী বেঙ্গালুরুর মেয়ে।আমরা ২৫ বছর ধরে একে অপরকে চিনি।প্রায় দেড় বছর আগে মুম্বইয়ে হঠাৎ দেখা হয়।তারপর যোগাযোগ বাড়তে থাকে,আর সবকিছু খুব স্বাভাবিকভাবেই এগিয়েছে।”
একাধিক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন আমির খান।নিজের জীবনের সেই সময়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন,”গৌরীর সঙ্গে দেখা হওয়ার আগে মনে হতো,এই বয়সে আর কাউকে খুঁজে পাব না।সেই সময় আমি থেরাপি শুরু করি।বুঝতে পারি,আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে এবং নিজেকে মানসিকভাবে সুস্থ করে তুলতে হবে। সেই চেষ্টাই করেছি।”তিনি আরও জানান, প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে এখনও তাঁর সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।তবে গৌরীর সঙ্গে পরিচয়ের পর তিনি আবারও গভীর মানসিক সংযোগ খুঁজে পেয়েছেন।
উল্লেখ্য,গৌরি স্প্র্যাটের সঙ্গে এটি আমির খানের তৃতীয় বিয়ে।প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান—জুনায়েদ খান এবং ইরা খান।পরে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় এবং তাঁদের ছেলে আজাদ রাও মাধ্যমে জন্মগ্রহণ করে।বিচ্ছেদের পরও কিরণ এবং আমির একসঙ্গে ছেলের দায়িত্ব পালন করছেন এবং পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।অন্যদিকে,গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা।আগে তিনি একটি সুপরিচিত ওয়েলনেস ও বিউটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন।আগের বিয়ে থেকে তাঁর সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।গৌরী জানান,তিনি ছোটবেলা থেকেই বলিউডের পরিবেশে বড় হননি।তাই আমিরের খুব অল্প কয়েকটি ছবিই তিনি দেখেছেন।তাঁর কাছে আমির কোনও সুপারস্টার নন,বরং একজন সাধারণ জীবনসঙ্গী।সব মিলিয়ে,দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্বের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট ।তাঁদের এই ঘরোয়া বিয়ের অনুষ্ঠানের দিকেই এখন নজর অনুরাগীদের।
