‘ছাত্রদের মারধর করছেন,নেতা- মন্ত্রীরা নিজেদের কি ভগবান ভাবছেন?’ছাত্র আন্দোলন নিয়ে কড়া বার্তা অরিজিতের
দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।সোমবার আন্দোলনকারীদের সংসদ অভিযানের কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়।অভিযোগ,বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসও ছোড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।এ বার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও।নিজের আদর্শের জন্য বরাবরই অনুরাগীদের কাছে পছন্দের শিল্পী তিনি।সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন প্রকাশ করেন অরিজিৎ।
‘হু অ্যাম আই’ এক্স হ্যান্ডেল থেকে পোস্টে করে অরিজিৎ জানান, আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত।তিনি প্রশ্ন তোলেন,”আপনারা তো এবার ছাত্র-ছাত্রীদের মারধর করছেন,আপনাদের কি একটুও লজ্জা করছে না?”এরপর দেশের নেতা-মন্ত্রীদের উদ্দেশে তিনি লেখেন,”হ্যালো, নেতা-মন্ত্রীরা এসব কী হচ্ছে?নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন?”তাঁর মতে, ক্ষমতার অপব্যবহার করে প্রতিবাদী কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি গায়ক।তিনি আরও লেখেন,”সবকিছু মনে রাখা হবে।হর হর মহাদেব।মনে রাখবেন,পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য।”অরিজিৎ সাধারণ মানুষকেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।তিনি শিক্ষা মন্ত্রককে সরকারি ই-মেল আইডি শেয়ার করে নাগরিকদের সেখানে নিজেদের মতামত ও প্রশ্ন পাঠানোর পরামর্শ দেন।তাঁর বক্তব্য,সোশ্যাল মিডিয়ায় শুধু ক্ষোভ প্রকাশ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও নিজেদের মত পৌঁছে দেওয়া প্রয়োজন।তিনি লেখেন,”এখানে একটি ই-মেল পাঠিয়ে আপনার মতামত জানান এবং আমাদের কী অধিকার,তা জানতে চান।আমরা সবসময় শিক্ষা মন্ত্রককে লিখতে পারি।”পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই অনেকেই নিজের মতামত প্রকাশ করেছেন।
উল্লেখ্য,আগেও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন অরিজিৎ সিং।এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,”সোনম ওয়াংচুক,আপনার জন্য রইল অনেক ভালবাসা, শক্তি এবং আন্তরিক শুভকামনা।”
