শাহরুখের ‘মন্নত’-এ হইচই, বাড়ি থেকে উদ্ধার ৮ ফুটের সাপ

0



বলিউডের ‘কিং খান’-এর বাড়ি ‘মন্নত’-এ হাজির অপ্রত্যাশিত অতিথি! সোমবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাংলো ‘মন্নত’-এ হঠাৎই দেখা মেলে দুটি সাপের। খবর ছড়াতেই বাড়ির কর্মী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। শেষ পর্যন্ত পেশাদার সর্প উদ্ধারকারীদের তৎপরতায় উদ্ধার করা হয় প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ।

সূত্রের খবর, সোমবার রাত প্রায় ৮টা নাগাদ মন্নতের বারান্দায় দুটি সাপ দেখতে পান কর্মীরা। খবর দেওয়া হয় সর্প উদ্ধারকারী ভিকি দুবেকে। বিষয়টি জানানো হয় বনদফতরের আধিকারিককেও।এরপর শুরু হয় সাপ উদ্ধারের কাজ।উদ্ধারকারীরা গিয়ে দেখেন, মন্নতের উঠোনের একটি সিঁড়ির নীচে লুকিয়ে রয়েছে একটি বড়সড় সাপ। প্রায় ৮ ফুট লম্বা সাপটি কুণ্ডলী পাকিয়ে ছিল এবং লোকজনের উপস্থিতিতে বেশ ভীত হয়ে পড়েছিল। সাবধানে সেটিকে উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা যায়,এটি  ধামান বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক যা একটি বিষহীন প্রজাতির। তাই আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন উদ্ধারকারী।

মন্নতের চত্বরে দ্বিতীয় একটি সাপও দেখা গিয়েছিল। তবে মানুষজনের আনাগোনা টের পেয়ে সেটি সেখান থেকে পালিয়ে যায়। তবে এই প্রথম নয়, এর আগেও মুম্বইয়ের একাধিক বলিউড তারকার বাড়িতে সাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। চলতি বছর সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকেও একটি সাপ উদ্ধার করা হয়েছিল। এদিকে কাজের দিক থেকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে। ছবিতে তাঁকে এক বিশেষ অ্যাকশন চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ, এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর মেয়ে সুহানা খানের। এছাড়াও ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনের মতো তারকারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *