রণবীরের ‘রামায়ণ’-এর মুক্তির দিন বদল!দীপাবলিতে নয়, কবে মুক্তি পাবে সিনেমা?

0



রামায়ণ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।পর্দায় রাম-রাবণের যুদ্ধ দেখার আর বেশি দিন অপেক্ষা নয়। তার মধ্যেই ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ঘিরে ফের বড়সড় পরিবর্তনের খবর। ছবি মুক্তির দিন নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকের মধ্যে কৌতূহল ছিল। প্রথমে দীপাবলিকে কেন্দ্র করে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে এ বার সেই পরিকল্পনায় বদল আসতে পারে বলে খবর। কবে মুক্তি পাবে ‘রামায়ণ’ ?

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি ভারতে ৮ নভেম্বর, দীপাবলির দিন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সূত্রের খবর, এ বার দীপাবলির আগেই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে।  ৪ নভেম্বর ভারতে ছবিটির পেইড প্রিভিউ হতে পারে। এরপর ৫ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ছবিটি মুক্তি পেতে পারে। অর্থাৎ, দীপাবলির আগেই মুক্তি পাবে ‘রামায়ণ’। তবে এই নতুন মুক্তির সময়সূচি এখনও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

শুধু ভারত নয়, বিদেশের বাজারেও ধাপে ধাপে মুক্তি পেতে পারে ‘রামায়ণ’। রিপোর্ট অনুযায়ী, ৪ নভেম্বর উত্তর আমেরিকায় পেইড প্রিভিউ হতে পারে। এরপর ৫ নভেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, জার্মানি, ইউরোপের অন্যান্য অংশ, উত্তর আমেরিকা এবং লাতিন আমেরিকায় ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ৬ নভেম্বর,  ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও মরিশাসে ছবিটি মুক্তি পেতে পারে।

চলতি বছরের আগস্ট মাসে প্রযোজক নমিত মালহোত্রা জানান, আন্তর্জাতিক বাজারে ৬ নভেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে এবং ভারতের ক্ষেত্রে দীপাবলির ৮ নভেম্বরকে লক্ষ্য করা হচ্ছে।তবে এ বার ভারতের মুক্তি এগিয়ে আসার খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ছবিতে রণবীর কাপুরকে রামের চরিত্রে, সাই পল্লবীকে সীতার চরিত্রে এবং যশকে রাবণের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও সানি দেওল অভিনয় করছেন হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন।
ছবিটি দুই পর্বে তৈরি হচ্ছে এবং ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই আলোচনায় রয়েছে। ছবির সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার হ্যান্স জিমার এবং ভারতের সঙ্গীত পরিচালক এ আর রহমান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *