সিদ্ধিদাতার দরবারে রণবীর! নতুন দায়িত্ব নিলেন ১০০০ কন্যার, পাশে আর এক রণবীর

0



কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন-রণবীর সিংয়ের জীবন এখন খুশিতে ভরা। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষা, পেশাগত জীবনে ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্য-সব মিলিয়ে পরপর সুখবর এসেছে তাঁর জীবনে। আর সেই আনন্দের জন্যই বাপ্পার দরবারে কৃতজ্ঞতা জানাতে হাজির অভিনেতা। তবে এবার শুধু আশীর্বাদ চাইতেই নয়, ১০০০ কন্যার পড়াশোনার দায়িত্ব নেওয়ার সংকল্পও করলেন রণবীর সিং।
গণেশ চতুর্থীর আবহে ভক্তির সুরে মুম্বইয়ের লালবাগচা রাজার দরবারে হাজির রণবীর। বৃহস্পতিবার রাতে সাদা কুর্তা-পাজামায় বাপ্পার দর্শনে যান অভিনেতা। এই সফরের মূল কারণ ছিল কৃতজ্ঞতা। গত এক বছর তাঁর এবং তাঁর পরিবারের জন্য যে আনন্দ বয়ে এনেছে, তার জন্য বাপ্পাকে ধন্যবাদ জানাতেই লালবাগচা রাজার দরবারে এসেছিলেন তিনি। রণবীর বলেন, ‘গত বছরটা আমার এবং আমার পরিবারের জন্য বাপ্পার কৃপায় আনন্দে ভরা ছিল। তাই এখানে এসেছি তাঁর দর্শন করতে, তাঁকে ধন্যবাদ জানাতে এবং আগামী দিনের পথচলার জন্য তাঁর আশীর্বাদ নিতে।’ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যা দুয়ার জন্মের পর এবার পরিবারে আসতে চলেছে আরও এক নতুন সদস্য।
এই সমস্ত আনন্দের মাঝেই গণেশ চতুর্থীর শুভক্ষণে রণবীর নিলেন আরও একটি বিশেষ দায়িত্ব। নিজের সাফল্য উদযাপনের পাশাপাশি অন্য মেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং গণেশ চতুর্থী উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর সঙ্গে যুক্ত হয়ে ১০০০ কন্যার শিক্ষায় সাহায্য করার সংকল্প নিয়েছেন রণবীর। অভিনেতার কথায়, ‘আমি সেবা সংকল্প অভিযানের সঙ্গে যুক্ত হয়ে ১০০০ কন্যার পড়াশোনায় সাহায্য করার সংকল্প নিচ্ছি। আশা করি, এর মাধ্যমে বাপ্পা প্রসন্ন হবেন এবং তাঁর আশীর্বাদ সবসময় আমাদের মাথায় থাকবে।’ তবে শুধু রণবীরই নন, আলিয়া ভাট এবং রণবীর কাপুরও ভারতে ২০টি স্কুলের পরিকাঠামো উন্নয়নে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর। কাজের দিক থেকে পরপর সাফল্যের পর এ বার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রণবীর। জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ছবির লুক নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *