‘মনে আছে তাঁর দেওয়া সেই এক টাকার কয়েন’,ভাইয়ের অপেক্ষায় আজও সেলিনা

0



পৃথিবীতে সবথেকে পবিত্র সম্পর্ক ভাই- বোনের সম্পর্ক। প্রতিবছর রাখির সুতোয় ভাই-বোনের সম্পর্ক যেন আরও বেশি মজবুত হয়। অথচ সেই বিশেষ দিনেই ভাইয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা আরও গভীর হয়ে উঠল অভিনেত্রী সেলিনা জেটলির। ছোটবেলার রাখিবন্ধনের স্মৃতি, ভাইয়ের সঙ্গে কাটানো হাসি-ঝগড়ার দিন আর একসঙ্গে কঠিন সময় পেরিয়ে আসার কথা মনে করে আবেগঘন বার্তা লিখলেন অভিনেত্রী। ভাই মেজর বিক্রান্ত কুমার জেটলিকে নিয়ে তাঁর সেই বার্তায় ফুটে উঠল দীর্ঘ অপেক্ষা, উদ্বেগ এবং এক বোনের অটুট ভালবাসা।

রাখিবন্ধন উপলক্ষে ভাইকে স্মরণ করে সেলিনা জানান, ২০২৪ সালে ভাইয়ের আটক হওয়ার খবর পাওয়ার পর থেকে তাঁর সঙ্গে আর দেখা হয়নি। এমনকি ভাইয়ের কণ্ঠস্বরও শোনেননি তিনি।নিজের যন্ত্রণার কথা বলতে গিয়ে সেলিনা লেখেন,”২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার আমার ভাই মেজর বিক্রান্ত কুমার জেটলির খবর পাওয়ার পর থেকে আমি শুধু নিজের সবচেয়ে দুঃখী সত্তাটাকেই দেখেছি।”পুরনো সময়গুলোকে এক দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী। বিভ্রান্তি, পুরনো স্মৃতি, মানসিক যন্ত্রণা এবং শোকের মধ্যে দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ফিরে গিয়েছেন তাঁদের ছোটবেলার দিনগুলিতে,যেখানে ছিল ভাই-বোনের ঝগড়া, হাসি, ভালবাসা এবং একে অপরের পাশে থাকার অসংখ্য স্মৃতি।



ভাইকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে উল্লেখ করে সেলিনা লেখেন,”২০২৪-এর পর থেকে আমি তার কণ্ঠ শুনিনি, তাকে দেখিনি, তার সঙ্গে কথা হয়নি।
একজন বোন হিসেবে যতটা সম্ভব, আমি সবটাই করেছি, যা-ই বলা হয়ে থাকুক না কেন। সে-ই আমার সব। আমার দুই ছেলে ছাড়া সে-ই আমার একমাত্র পরিবার। আমি ওর পাশে আছি।”

ভাইকে নিজের জীবনের ‘প্রথম ভালবাসা’ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী।বিশেষ বাহিনীর আধিকারিক হিসেবে দেশের প্রতি বিক্রান্তের দায়িত্ববোধ, সাহস এবং আত্মত্যাগের প্রশংসা করেছেন তিনি। ভাইয়ের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলির কথাও মনে করেছেন সেলিনা।সেলিনা লেখেন,”মেজর বিক্রান্ত আমার উপর খুব রেগে যেত, কারণ আমার পাঠানো রাখি অনেক সময় তার কাছে সময়মতো পৌঁছত না। কখনও আমি দেরিতে পাঠাতাম, কখনও আবার কোনও কারণে রাখি পৌঁছতই না। আজ আমি যে কোনও কিছুর বিনিময়ে আবার একবার তার মুখে সেই অভিযোগ শুনতে চাই।”

তিনি আরও লেখেন,”আজও মনে আছে, ছোট বোন হিসেবে তার হাত থেকে পাওয়া সেই এক টাকার কয়েন। মনে আছে, একজন সৈনিক হিসেবে প্রথম বেতন পাওয়ার পর সে আমার জন্য যে কানের দুল কিনেছিল। ছোট ছোট কিছু মুহূর্ত-কিন্তু যার সঙ্গে সেই স্মৃতিগুলো জড়িয়ে থাকে, সে মানুষটি হঠাৎ আমাদের নাগালের বাইরে চলে গেলে সেই ছোট্ট স্মৃতিগুলোই হয়ে ওঠে গোটা একটা পৃথিবী।” প্রয়াত বাবা-মায়ের কথাও নিজের বার্তায় উল্লেখ করেছেন অভিনেত্রী। তাঁদের কাছে ভাইয়ের জন্য আশীর্বাদ চেয়েছেন তিনি। এই কঠিন পরিস্থিতি সহ্য করার জন্য বিক্রান্ত যেন শক্তি পান, সেই প্রার্থনাও করেছেন সেলিনা।


সবশেষে ভাইয়ের প্রতি নিজের অঙ্গীকারের কথা জানিয়ে সেলিনা লেখেন,”একজন সৈনিকের বোন কখনও হাল ছাড়ে না।ডাম্পি, আমি কখনও, কোনওদিন তোমার হাল ছাড়ব না।”প্রসঙ্গত, চলতি বছরের মার্চে জানা গিয়েছিল,মেজর বিক্রান্ত সেলিনার সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর আইনি সাহায্য নিতে অস্বীকার করেছিলেন। আধিকারিকদের দাবি, তাঁর মামলার বিষয়ে কোনও আইনি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কথা জানিয়েছিলেন বিক্রান্ত।

উল্লেখ্য, মেজর বিক্রান্ত কুমার জেটলির আটকের নেপথ্যের কারণ এখনও রহস্যে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরশাহি-তে আটক হওয়ার পর তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ বা প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষ শুধু ‘জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা জানিয়েছে। ভাইয়ের মুক্তি ও সত্য উদঘাটনের দাবিতে আইনি ও কূটনৈতিক পথে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী সেলিনা জেটলি।অন্যদিকে,কাজের ক্ষেত্রে, প্রায় ছয় বছর পর হিন্দি ছবিতে ফিরতে চলেছেন সেলিনা জেটলি। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ‘সিস্টার নিবেদিতা’ ছবিতে দেখা যাবে তাঁকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *