নীল সাগরের ধারে ‘দুই থেকে তিন’-এর সুখবর, মা হতে চলেছেন রোশনি
অভিনয়ের পর্দা ছাপিয়ে এবার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে ধরা দিতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সুখবর এল একেবারে সিনেমার দৃশ্যের মতোই। নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামী তুর্য সেন-এর হাত ধরে ‘দুই থেকে তিন’ হওয়ার খবর জানালেন অভিনেত্রী।সুখবর প্রকাশ্যে আসতেই পরিবারের সদস্য থেকে শুরু করে টলিউডের একাধিক তারকা এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন অভিনেত্রীকে।
স্বামীর সঙ্গে থাইল্যান্ড ভ্রমণে বেড়িয়েছিলেন অভিনেত্রী।সেখানেই একটি ভিডিয়োর মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।পরনে বাদামী রঙের বিকিনি, স্পষ্ট বেবি বাম্পে স্নেহের চুম্বন স্বামীর।বিয়ের চার বছরের মাথায় পরিবারের নতুন অথিতির আসার কথা জানিয়েছেন তিনি। ২০২১ সালের অক্টোবর মাসেই বাগদান সেরেছিলেন রোশনি ও তুর্য।তারপর ২০২২ সালে পরিণতি পায় তাঁদের সম্পর্ক।
উল্লেখ্য,একসময় ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে দর্শকের মন জয় করেছিলেন রোশনি। পরে কিছুদিন ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বড়পর্দার কাজেও মন দেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি থেকে পথিকৃৎ বসুর পরিচালিত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে মিঠুন চক্রবর্তী-র বিপরীতেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীকে হিন্দি ছবি ‘জিদ্দি ইশক’-এ দেখা গিয়েছে।পরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরলেও সেই ধারাবাহিক মাঝপথেই বন্ধ হয়ে যায়।এই বছর ‘ফোনি বাবু ভাইরাল’ ছবিতে দেখা মিলতে চলেছে তাঁর।
