‘সব মহিলাদের স্যালুট’,হঠাৎ লাল হাই হিল পরে কেন নাচতে হল অক্ষয়কে ?
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার বরাবরই নিজের এনার্জি,মজার স্বভাব এবং ‘হাটকে’ কিছু করার জন্য পরিচিত।এবারও তাঁর ব্যতিক্রম হল না। জনপ্রিয় শো ‘হুইল অফ ফরচুন’-এর জমকালো সমাপ্তি পর্বে হাই হিল পরে নাচতে দেখা যায় অভিনেতাকে।ভিডিয়োটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে জোর চর্চার শুরু হয়।
রিয়ালিটি শো-টির অন্তিম পর্বে জ্যাকলিন ফার্নান্ডেজ ,ভূমি পেডনেকর এবং পরিচালক ফারাহ খান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মজার এক মুহূর্তে জ্যাকলিন অভিযোগ করেন,অক্ষয় সবসময় তাঁদের সঙ্গে প্রাঙ্ক করেন। এরপরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন জ্যাকলিন।অভিনেত্রী জানান অক্ষয়কে এক মিনিট হাই হিল পরে নাচতে হবে,নাহলে পরিবর্তে ১ লক্ষ টাকা দিতে হবে।প্রথমে একটু দ্বিধায় পড়লেও ফারাহ খানের উৎসাহে শেষমেশ তিনি রাজি হয়ে যান। জ্যাকলিন নিজে হাতে ‘খিলাড়ি’কে একটি লাল রঙের হিল পরিয়ে দেন।
এরপর শুরু হয় সেই দৃশ্য। ‘লাল পরি’ গানের তালে হাই হিল পরে নাচতে শুরু করেন অক্ষয়।শুধু তাই নয়,স্টেজের মধ্যে ঘুরেও দেখান তিনি।ফারাহ খান ও ভূমি পেডনেকর মঞ্চে উঠে তাঁর সঙ্গে তাল মেলান।ফারাহ যখনই অক্ষয়কে কঠিন ফুটওয়ার্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন,তখনও অক্ষয় সবাইকে চমকে দিয়ে অনায়াসে তা করে দেখান।এক মিনিটের চ্যালেঞ্জ শেষ হলেই মুগ্ধ ফারাহ খান সবার সামনে তাঁকে নমস্কার করে সম্মান জানান। তবে নাচের মাঝেই হিল ভেঙে যায় অক্ষয়ের। তিনি বলেন,”সব মহিলাদের স্যালুট,আপনারা কীভাবে এগুলো পরে থাকেন?”
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছাস দেখা যায়।কেউ লিখেছেন,”একেবারে অপ্রত্যাশিত।”আবার কেউ লিখেছেন,”অক্ষয়ের আত্মবিশ্বাস এবং এই মানসিকতাও সত্যিই প্রশংনীয়।” উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ৬৫ টি সফল পর্বের পর শেষ হয়েছে ‘হুইল অফ ফরচুন’-এর যাত্রা।অন্তিম পর্বে অক্ষয়কে তাঁর স্মরণীয় মুহূর্তগুলির একটি ঝলক দেখায়,যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।
কাজের ক্ষেত্রেও দুর্দান্ত সময় কাটছে অক্ষয়ের।সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ ছবির সাফল্যে খুশি তিনি।পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা।ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে দেশীয় বাজারে ১০০ কোটি এবং বিশ্বব্যাপী ১৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে।খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে,যা আগামী ২৬ জুন মুক্তি পাবে।
