প্রথমদিনই একগুচ্ছ সিদ্ধান্ত নতুন মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান থেকে সরকারি চাকরিতে বাড়ল বয়সসীমা!
রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের ১৪ তলায় ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আজ (সোমবার) থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হল। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার সুবিধাও এবার থেকে এ রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক ক্ষেত্রেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস এবং আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণে পাঠানো হবে। একইসঙ্গে বর্তমানে চালু থাকা কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সরকারি চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সাল থেকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য শপথ নেওয়া পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তবে অন্নপূর্ণা প্রকল্প কবে থেকে শুরু হবে তা জানাননি মুখ্যমন্ত্রী।
এর আগে নবান্নে পৌঁছনোর পর নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ-সহ শীর্ষ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। সকালে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে তাঁকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা।
অন্যদিকে, নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরে সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছ ও কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। খুব শীঘ্রই সব জেলাশাসকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

একনজরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি
• ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর
• রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু
• প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও জনআরোগ্য যোজনা কার্যকর
• জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা অবিলম্বে কার্যকর
• আইএএস, আইপিএস ও রাজ্য পুলিশ সার্ভিস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ
• কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ না করার আশ্বাস
• সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি
• ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ
