ক্লোজ ফাইট নাকি সত্যিই ‘ধুয়ে-মুছে সাফ’! এক্সিট পোল ঘিরে বাড়ল কৌতূহল! জেনে নিন কারা এগিয়ে
দুই দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে এখন একটাই প্রশ্ন – শেষ হাসি কে হাসবে? চূড়ান্ত ফল ঘোষণার আগেই সামনে এসেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা, আর সেই ফল ঘিরেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ২৯৪ আসনের এই লড়াইয়ে কোথাও গেরুয়া ঝড়ের পূর্বাভাস, আবার কোথাও শাসক তৃণমূলের শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত, সব মিলিয়ে বাংলার ভোটযুদ্ধ যেন রীতিমতো রুদ্ধশ্বাস।
অধিকাংশ এক্সিট পোলেই বিজেপির দিকে পাল্লা ভারী। একাধিক সংস্থা দাবি করছে, ম্যাজিক ফিগার ১৪৭ পেরিয়ে এবার বাংলায় প্রথমবারের মতো ক্ষমতায় আসতে পারে গেরুয়া শিবির। বিশেষ করে প্রজা পোল অ্যানালিটিক্স ও চাণক্য স্ট্র্যাটেজিসের মতো সংস্থাগুলি বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে। ম্যাট্রিজ ও পি-মার্কের সমীক্ষাতেও বিজেপির এগিয়ে থাকার ছবি স্পষ্ট। তবে এই ছবির একেবারে বিপরীত ছবি তুলে ধরেছে পিপলস পালস এবং জনমত পোলস। তাদের দাবি, বাংলায় আবারও শক্তিশালীভাবে ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের পূর্বাভাস অনুযায়ী, তৃণমূল অনায়াসেই ম্যাজিক ফিগার ছুঁয়ে সরকার গড়তে পারে। ফলে বোঝাই যাচ্ছে, এক্সিট পোলের ফলাফল একেবারেই একমুখী নয়,বরং বিভ্রান্তিকর এবং চূড়ান্ত ফল নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।
এই নির্বাচনে তৃণমূলের প্রচারের মুখ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কোণায় কোণায় সংগঠনের জোরালো উপস্থিতি চোখে পড়েছে। অন্যদিকে বিজেপির প্রচারে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথসহ একাধিক হেভিওয়েট নেতা। শুভেন্দু অধিকারীর মতো রাজ্য নেতৃত্বও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বামফ্রন্ট ও কংগ্রেসও মাঠে নেমেছিল, তবে প্রায় সব সমীক্ষাতেই তাদের ফল অত্যন্ত হতাশাজনক। অধিকাংশ ক্ষেত্রে শূন্য থেকে সর্বোচ্চ ২-৩টি আসনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে তাদের সম্ভাবনা।
তবে অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলার ক্ষেত্রে এক্সিট পোলের ফলাফল অনেক সময়ই চূড়ান্ত ফলের সঙ্গে মেলে না। তাই এই সমস্ত পূর্বাভাসকে ঘিরে যতই জল্পনা থাকুক, আসল চিত্র স্পষ্ট হবে ফল ঘোষণার দিনই। এখন শুধু অপেক্ষা- ক্লোজ ফাইট, নাকি সত্যিই ‘ধুয়ে-মুছে সাফ’!
একনজরে বুথ ফেরত সমীক্ষা-
• চাণক্য স্ট্র্যাটেজিস: বিজেপি ১৫০-১৬০, তৃণমূল ১৩০-১৪০, অন্যান্য ৬-১০, কংগ্রেস ০, বামফ্রন্ট ০
• প্রজা পোল অ্যানালিটিক্স: বিজেপি ১৭৮-২০৮, তৃণমূল ৮৫-১১০, অন্যান্য ০-৫, কংগ্রেস ০, বামফ্রন্ট ০
• ম্যাট্রিজ: বিজেপি ১৪৬-১৬১, তৃণমূল ১২৫-১৪০, অন্যান্য ৬-১০,কংগ্রেস ০, বামফ্রন্ট ০
• পোল ডায়েরি: বিজেপি ১৪২-১৭১, তৃণমূল ৯৯-১২৭, কংগ্রেস ৩-৫, অন্যান্য ০-১
• পি-মার্ক: বিজেপি ১৫০-১৭৫, তৃণমূল ১১৮-১৩৮, অন্যান্য ২-৬
• জনমত পোলস: তৃণমূল ১৯৫-২০৫, বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১-৩, বামফ্রন্ট ০-১, অন্যান্য ৩-৫
• পিপলস পালস: তৃণমূল ১৭৭-১৮৭, বিজেপি ৯৫-১১০, কংগ্রেস ১-৩, বামফ্রন্ট ০-১, অন্যান্য ০
