‘সলমনের ছবি করলে মানুষ মনে করবে ববি দেওল এখনও আছে’, সলমন নিয়ে কেন এমন বললেন ববি?

0



একটা সময় ‘বরসাত’, ‘ সোলজার’, ‘হামরাজ’, ‘আজনবি’, ‘গুপ্ত ‘- এর মতো ছবি করে প্রচারের আলো ছিনিয়ে নিয়েছিলেন ববি দেওল। তবে হঠাৎ একের পর এক ব্যর্থ ছবি, কাজের অভাব আর ধীরে ধীরে জনপ্রিয়তা হারানোর যন্ত্রণা , সব মিলিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিলেন অভিনেতা। ঠিক তখনই তাঁর জীবনে আসে সলমন খানের একটি ফোন কল, যা বদলে দেয় তাঁর ভাগ্য। নিজের জীবনের এমন কোন অধ্যায়ের কথা বললেন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা। বর্তমানে ‘আশ্রম’-এর মতো সিরিজ,‘অ্যানিম্যাল’, ‘দ্য ব্যাড…স অফ বলিউড’ এবং একাধিক বড় ছবির সাফল্যে ববি দেওল এখন বলিউডের অন্যতম চর্চিত নাম। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। ববি জানান, যখন তাঁর জীবন কার্যত থমকে গিয়েছিল, তখনই সলমন খান তাঁকে ফোন করেন। সেই ঘটনা বলতে গিয়ে অভিনেতা বলেন, “সলমন খুব মিষ্টি ভাবে আমাকে ফোন করে বলেছিল, শার্ট খুলবি মামু? আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, আমি সবকিছু করতে রাজি। তারপর ও গল্প শোনার জন্য ডাকল এবং সেখান থেকেই রেস ৩-তে সুযোগ পাই।”

ববি জানান, তিনি বুঝতে পেরেছিলেন সলমন খানের ছবিটি যথেষ্ট সাফল্য পেতে চলেছে,তাই এই সুযোগকে তিনি নিজের হারিয়ে যাওয়া পরিচিতি ফিরে পাওয়ার পথ হিসেবে দেখেছিলেন। ববি বলেন, “আমি জানতাম সলমনের ছবি কোটি কোটি মানুষ দেখবে। নতুন প্রজন্ম ববি দেওলকে ভুলে গিয়েছিল। তাই মনে হয়েছিল, এই ছবিতে থাকলে মানুষ আবার মনে করবে ববি দেওল এখনও আছে।” ২০১৮ সালে মুক্তি পায় ‘রেস ৩’। ছবিতে সলমন খান, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেজি শাহ এবং সাকিব সলিমের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ববিকে। যদিও ছবিটি সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি, তবুও বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে।

তবে ববির জীবনে আসল পরিবর্তন আসে এরপর। ২০২০ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ ওয়েব সিরিজ তাঁকে নতুন প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। কিন্তু তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ‘অ্যানিম্যাল’ ছবির মাধ্যমে। রণবীর কাপুর অভিনীত ছবিতে ববির খলনায়কের চরিত্র অল্প সময়ের জন্য পর্দায় থাকলেও দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। তাঁর অভিনয় নিয়ে শুরু হয় ব্যাপক  আলোচনা। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। বর্তমানে ‘হরি হরা বীরা মল্লু’-এর মতো বড় ছবিতে কাজ করছেন তিনি। একই সঙ্গে সামনে রয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বন্দর’।এছাড়াও ববি রয়েছেন ‘জনা নায়াগন’ ছবিতেও। শোনা যাচ্ছে, এটি নাকি দক্ষিণী সুপারস্টার বিজয়ের শেষ ছবি হতে চলেছে। যদিও ছবিটি দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *