শূন্য থেকে ১০০ কোটি! দেবের ‘দাদাগিরি’র মঞ্চে উঠে এল শান্তিনিকেতনের রাম সাওয়ের লড়াইয়ের গল্প

0



ক্লাস ফোর থেকে ফাইভে ওঠার আগেই বাবাকে হারিয়েছিলেন। সংসারের বড় ছেলে হিসেবে বইয়ের ব্যাগ নামিয়ে হাতে তুলে নিতে হয়েছিল কাজের দায়িত্ব। জীবনের সেই কঠিন বাস্তবই একদিন তাঁকে পৌঁছে দিল বাংলার অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’-র মঞ্চে। আর সেখানেই নিজের জীবনের গল্প শুনিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বোলপুর-শান্তিনিকেতনের পরিচিত উদ্যোক্তা রাম সাও।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এ বার দেব-এর সঞ্চালনায় নতুন আঙ্গিকে ফিরেছে ‘দাদাগিরি’। নতুন অধ্যায়ের অন্যতম আলোচিত পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন রাম সাও। একই মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক কুমার শানুও। তবে তারকাদের ভিড়েও দর্শকদের মন ছুঁয়ে যায় এক অতি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প।


মঞ্চে দাঁড়িয়ে রাম সাও জানান, ছোটবেলায় বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকেই। চপ-মুড়ি বিক্রি থেকে শুরু করে সবজি ও কাপড়ের ব্যবসা-জীবনের নানা অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন রামশ্যাম-এর মতো একটি পরিচিত ব্র্যান্ড। আজ শান্তিনিকেতনে রামশ্যাম ভিলেজ রিসোর্ট, রেস্তোরাঁ, ক্যাফে, টেক্সটাইল ও হ্যান্ডিক্রাফ্টস মিলিয়ে তাঁর ব্যবসা বহু মানুষের কর্মসংস্থানেরও উৎস। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন, স্বপ্ন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই তাঁর সবচেয়ে বড় পুঁজি। দেবের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁর ব্যবসার পরিমাণ এখন ১০০ কোটি!
এরপরই তাঁর এই অনুপ্রেরণার গল্পের পাশাপাশি টাকার অঙ্ক শুনে শুরু হয়েছে বিতর্কও। এরপরই তাঁর সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। স্থানীয় বিজেপি ও সিপিআই(এম)-এর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের জেরে অল্প সময়ে ব্যবসার বিস্তার ঘটেছে। যদিও রাম সাও বা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই বিতর্ক নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
বিতর্কের আবহ থাকলেও ‘দাদাগিরি’র এই পর্বে সবচেয়ে বেশি জায়গা করে নেয় এক সংগ্রামী জীবনের কাহিনি। শৈশবের অভাব, সংসারের দায়িত্ব আর নিজের চেষ্টায় ধাপে ধাপে এগিয়ে যাওয়ার গল্প অনেক দর্শকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। চোখের জল মুছতেও দেখা যায় দেব-কে। তাই বিতর্কের বাইরে গিয়ে, এই পর্ব যেন মনে করিয়ে দিল, প্রত্যেক সাফল্যের পিছনেই থাকে একটি দীর্ঘ পথচলা, যার শুরুটা অনেক সময়ই হয় একেবারে শূন্য থেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *