৩ হাজার টাকা কার ঘরে, কার দরজায় বন্ধ ‘অন্নপূর্ণা’? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0


অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে মাসিক ৩ হাজার টাকা। তবে সকলের জন্য নয়। কে পাবেন, আর কে বাদ পড়বেন, তা নিয়ে এবার স্পষ্ট করে দেওয়া হল একাধিক নিয়ম। আবেদন যাচাইয়ের কাজও শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৩ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। যাঁদের যাচাই ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের পাশাপাশি নতুন আবেদনকারীদের মধ্যেও যোগ্যদের অ্যাকাউন্টে ১৭ আগস্ট থেকে টাকা পাঠানো হবে।
সরকারি নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। কোনও মহিলা নিজে মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে তিনি সুবিধা পাবেন না। পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলেও মিলবে না অন্নপূর্ণার টাকা। আয়করদাতা এবং স্থায়ী সরকারি চাকরিতে থাকা মহিলারাও বাদ পড়বেন। কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী কর্মীর পরিবারও এই সুবিধা পাবে না। ৬০ বছরের বেশি বয়সি পেনশনভোগীরাও থাকছেন না তালিকায়।
তবে নিয়মে রয়েছে বেশ কিছু ছাড়ও। ২৫ থেকে ৬০ বছর বয়সি যে মহিলারা ৩ হাজার টাকার কম কোনও ভাতা পান, নির্দিষ্ট শর্তে তাঁদের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া হবে। বিধবা ভাতার ক্ষেত্রেও রয়েছে সুযোগ। দিব্যাঙ্গ মহিলারা দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণার সুবিধা পেতে পারেন। পিএম কিষান সম্মান নিধির প্রাপকদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ির শর্ত এবং জমির মালিকানার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিকরা সুবিধার বাইরে থাকবেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি অর্থ যাতে অযোগ্যদের হাতে না যায়, সেই কারণেই চলছে শেষ দফার যাচাই। অর্থাৎ ১৭ আগস্ট টাকা ঢোকার আগে শেষবারের মতো ঝাড়াই-বাছাই। যোগ্যদের হাতে টাকা পৌঁছনোই এখন সরকারের লক্ষ্য।
একঝলকে দেখে নিন কারা পাবেন, কারা পাবেন না
যাঁরা পাবেন
১) ২৫–৬০ বছর বয়সি যোগ্য মহিলা।
২) নিজে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত উপার্জনকারী।
৩) পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত।
৪) নির্দিষ্ট শর্তে বিধবা ও অন্যান্য ভাতা পাওয়া মহিলা। যোগ্য দিব্যাঙ্গ মহিলা। নির্দিষ্ট শর্তে পিএম কিষান প্রাপক।
৫) গ্রামীণ ও জেলার পুরসভা এলাকার যোগ্য মহিলারা, শিথিল জমি ও বাড়ির নিয়মের সুবিধা-সহ।
কারা পাবেন না
১) ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়সি মহিলা।
২) নিজে মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জনকারী।
৩) পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি। আয়করদাতা।
৪) স্থায়ী সরকারি চাকরিজীবী ও নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মীর পরিবার।
৫) কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed