আগের ওয়েটিং লিস্টও বাতিল! ১০০০ নয়, এ বার ১৫০০! অ্যাকাউন্টে ঢুকছে একাধিক ভাতার টাকা
অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় ছিলেন বহু মানুষ। অবশেষে এল সেই খবর। এতদিন ১০০০ টাকা করে যে বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা মিলত, এ বার সেই অঙ্ক বেড়ে হল ১৫০০ টাকা। সোমবার, ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হল বর্ধিত হারে টাকা পাঠানোর প্রক্রিয়া। ডিবিটির মাধ্যমে আগামী এক-দু’দিনের মধ্যেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার কথা। নবান্ন সভাঘর থেকে এই বর্ধিত ভাতা চালুর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন জানিয়েছে, মোট ৮২ লক্ষ ৫ হাজার ৯১৯ জন উপভোক্তা এই সুবিধার আওতায় রয়েছেন। এই খাতে বছরে সরকারের খরচ হবে প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা।
তবে শুধু ভাতার অঙ্ক বাড়ানোই নয়, বদল এসেছে উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রেও। আগের সরকারের আমলে তৈরি হওয়া ওয়েটিং লিস্ট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। নতুন করে আবেদন করা ব্যক্তিদের তথ্য যাচাই করে যোগ্যদের অগ্রাধিকার দিয়ে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সরকারি জনকল্যাণ শিবির এবং ‘আপনার সরকার, আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে যাঁরা আবেদন করেছেন, তাঁদের তথ্যও যাচাই করা হবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে ষাটোর্ধ্ব নাগরিকরা সুবিধা পাবেন। প্রায় ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে একটা অংশ কেন্দ্রের জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় রয়েছেন। ৬০ থেকে ৭৯ বছর বয়সিদের জন্য কেন্দ্রের বরাদ্দ ২০০ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সিদের জন্য ৫০০ টাকা। বাকি অংশ রাজ্য সরকার বহন করবে। আরও প্রায় ৪০ লক্ষ উপভোক্তা রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে ভাতা পাবেন।
বিধবা ও দিব্যাঙ্গ ভাতাতেও একই ভাবে ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা করা হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রায় ১ লক্ষ ২৪ হাজার মানুষ এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। এর মধ্যেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা ভাতার উপভোক্তারা চাইলে বিধবা ভাতার পরিবর্তে অন্নপূর্ণা যোজনা বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে মাসে ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে।
তবে সরকার স্পষ্ট করেছে, শুধু আবেদন করলেই হবে না-যোগ্যতা যাচাই করেই মিলবে সরকারি সুবিধা। ভুয়ো নথি বা ভুল তথ্যের মাধ্যমে কেউ ভাতা নিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাইয়ের পর শহরাঞ্চলেই প্রায় ৫০ হাজার অযোগ্য উপভোক্তার নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতিতে এই ভাতার অঙ্ক ২০০০ টাকা করার কথা বলা হয়েছিল। আপাতত ১৫০০ টাকা করা হলেও, নতুন অর্থবর্ষ থেকে তা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। ছবি সৌজন্যে জিবিজনেস ও শুভেন্দু অধিকারী ফেসবুক (Photo courtesy: Zee Business and Suvendu Adhikari Facebook page)
জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি
• ১০০০ টাকা থেকে বেড়ে ভাতা ১৫০০ টাকা
• ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু
• মোট ৮২,০৫,৯১৯ জন উপভোক্তা সুবিধা পাবেন
• আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল
• নতুন আবেদনকারীদের তথ্য যাচাইেয়র পর নতুন তালিকা
• বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনায় মিলতে পারে মাসে ৩০০০ টাকা
• যাচাইয়ের পর প্রায় ৫০ হাজার অযোগ্য উপভোক্তার নাম বাদ
• ভবিষ্যতে ভাতা ২০০০ টাকা হওয়ার সম্ভাবনাও রয়েছে
