এবার বড় দিদি দুয়া, দ্বিতীয় সন্তান আসার সুখবর ভাগ করে নিলেন দীপিকা-রণবীর
একের পর এক দুঃসংবাদের মাঝে এল এক আনন্দের খবর। আবার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন৷ বাবা হবেন রণবীর সিংহ। রবিবার সকালে এই সুখবরই ভাগ করে নিলেন নায়িকা। তাও একেবারে বলিউডি কায়দায়।

গত দিওয়ালিতে প্রকাশ্যে এনেছিলেন মেয়ে দুয়াকে৷ সে এবার বড় দিদি৷ প্রেগন্যান্সি টেস্টের কিট মেয়ের হাতে দিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা। এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছার বন্যা নায়িকার কমেন্টবাক্সে৷ ভূমি পেদনেকর থেকে সোফী চৌধুরি শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
শনিবার রাত থেকেই শুরু হয়েছিল ফিসফাস। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, শীঘ্রই বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে এক দম্পতি তাঁদের নতুন অতিথি আসার কথা ভাগ করে নেবেন। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর। আবার মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিলেন দীপিকা, রণবীর।
সম্প্রতি, তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল। যদিও সেই বিষয়ে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই প্রথম নয় এর আগেও এই নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারই নীরব থেকেছেন যুগলে। এই মুহূর্তে রণবীর সাফল্যের শীর্ষে। ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীরের অভিনীত চরিত্র নিয়ে এখনও আলোচনা জারি।
অন্যদিকে, ‘রাকা’ ছবিতে দীপিকাকে দর্শক দেখবে একেবারে অন্যলুকে। এত কিছুর মাঝে নায়ক-নায়িকার এই খবরে অনুরাগীরা চমকে গিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। গণেশ চতুর্থীর পরের দিন লক্ষ্মী আসে ঘরে৷ এই নতুন খবরে সবার প্রশ্ন, দুয়ার ভাই আসে না বোন আসে সেটাই দেখার।
