৪১ বছর পর ফের বড়পর্দায় মহুয়া, প্রয়াণ দিবসেই প্রকাশ্যে ‘গুন গুন করে মহুয়া’র প্রথম ঝলক

0



বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহুয়া রায়চৌধুরী শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি এক অনন্ত রহস্যের নামও। তাঁর জীবনে প্রায় সবকিছুই যেন ছিল রহস্যে ঢাকা।কর্মজীবনে ‘অনুরাগের ছোঁয়া’,’ ‘শ্রীমান পৃথ্বীরাজ’,’ ‘দাদার কীর্তি’- র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়ে অল্প সময়েই বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি।কিন্তু সাফল্যের মধ্যগগনেই মাত্র ২৯ বছর বয়সে রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। ১৯৮৫ সালের ২২ জুলাইয়ের ভোর- রাতে ঠিক কী হয়েছিল?সেই ঘটনা সকলের কাছে আজও অজানা। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ৪১তম মৃত্যু দিবসে সেই অসমাপ্ত জীবনের গল্পই বড় পর্দায় তুলে আনতে চলেছে অঙ্কিতা মল্লিক অভিনীত বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’।

মহুয়ার প্রয়াণ দিবসেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক।রাণা সরকারের প্রযোজনায় এবং রাজদীপ ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি।নাম রাখা হয়েছে মহুয়া রায়চৌধুরীর অভিনীত জনপ্রিয় গান ‘গুন গুন করে মহুয়া’-র অনুপ্রেরণায়। প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।এটি তাঁর প্রথম ছবি।তাঁর তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে। পোস্টারে অঙ্কিতার লুক দেখে অনেকেই বলছেন, যেন একঝলকে ফিরে এসেছেন মহুয়া নিজেই। তাঁর চোখের ভাষা, চুলের স্টাইল, মুখের অভিব্যক্তি এবং সেই চেনা হাসি সবকিছুই যেন মনে করিয়ে দেয় মহুয়ার সেই মুখ।

তবে এই ছবি শুধু একজন সফল অভিনেত্রীর উত্থানের গল্প বলবে না। মহুয়ার অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি উঠে আসবে তাঁর ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন, মানসিক লড়াই এবং রহস্যে ঘেরা মৃত্যুর ঘটনাও।সম্প্রটি,প্রকাশ্যে এসেছে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অগ্নিকাণ্ডের দৃশ্যের শুটিংয়ের ছবি। ছবিতে মহুয়ার চরিত্রে অঙ্কিতার লুক তৈরি করেছেন প্রখ্যাত রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই তাঁর এই কাজের জন্য তিনি যথেষ্ট প্রশংশা কুড়িয়েছেন।

ছবিতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বাস্তব চরিত্রকে দেখা যাবে। মহুয়ার মৃত্যুর তদন্তকারী আইপিএস অফিসার নবীন চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন অলকানন্দা গুহ। অন্যদিকে, মহুয়ার জীবনে বিশেষ ভূমিকা রাখা কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়ের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে।চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মহুয়া রায়চৌধুরীর মৃত্যু ঘিরে কৌতূহল আজও অটুট। সেই রহস্য, তাঁর স্বপ্ন, সাফল্য, সংগ্রাম এবং না-বলা গল্পই এবার উঠে আসবে ‘গুন গুন করে মহুয়া’-তে। প্রথম ঝলকেই দর্শকের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই বায়োপিক। এখন অপেক্ষা, বড় পর্দায় অঙ্কিতা মল্লিক কতটা নিখুঁতভাবে জীবন্ত করে তুলতে পারেন বাংলা চলচ্চিত্রের স্মরণীয় এই কিংবদন্তিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *