চোখের সামনেই ভয়ংকর ব্ল্যাক প্যান্থার! ‘ঘুন ঘাঁও’-এর সেটে হাড়হিম করা অভিজ্ঞতা
বাইরে থেকে দেখতে আর পাঁচটা শান্ত গ্রামের মতোই। কিন্তু সেই শান্তির আড়ালেই লুকিয়ে রয়েছে একের পর এক অজানা রহস্য। ভয়, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর টানটান রহস্যে নিয়েই তৈরি আসন্ন ডার্ক থ্রিলার ‘ঘুন ঘাঁও-চ্যাপ্টার ১’।ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দিতা বোস, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিণী চট্টোপাধ্যায়, শুভ বিশ্বাস ও সৌম্য মজুমদার,সুমিত কুন্ডু।
ছবিতে রণজয় বিষ্ণুর চরিত্র নিয়েও ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, “এই ছবির ভাবনা বা বিষয় নিয়ে ভারতে আগে সিনেমা হয়েছে কি না, সেটা আমার জানা নেই। তবে এই ধরনের গল্প নিয়ে কাজ করতে গিয়ে পরিচালককে অনেকটা লড়াই করতে হয়েছে। প্রথমবার গল্পটা শুনে আমারও মনে হয়েছিল, এতটা অন্যরকম বিষয়কে ঠিকভাবে পর্দায় তুলে ধরা সম্ভব হবে তো? কিন্তু পুরো চিত্রনাট্য শোনার পর এবং পরিচালক যেভাবে গল্পটা আমাকে বুঝিয়েছিলেন, তখন আমার মনে হয় এই ছবিটা কিছু একটা হবে।”
রণজয়ের কথায়, “আমি এই ছবিটা নিয়ে আত্মবিশ্বাসী, কারণ আমার মনে হয় ভারতীয় সিনেমায় এই ধরনের ঘরানাকে খুব একটা দেখা যায়নি। নতুন এবং স্বাধীন পরিচালকদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। কারণ তাঁরা এমন কিছু গল্প নিয়ে আসেন, যা আমার সৃজনশীল আগ্রহকে তৃপ্ত করে।” ছবির শুটিং হয়েছে পাহাড়ি শহর কার্শিয়ংয়েও।‘ঘুন ঘাঁও–চ্যাপ্টার ১’-এর গল্পের কেন্দ্রে রয়েছে আপাতদৃষ্টিতে শান্ত একটি গ্রাম। কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালেই জমতে থাকে রহস্য, প্রতারণা ও প্রতিশোধের গল্প। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ছবির কলাকুশলীরা জানান, শুটিং করতে গিয়ে তাঁদের ব্ল্যাক প্যান্থারের মুখোমুখিও হতে হয়েছিল।

ছবিটিকে ‘ডার্ক থ্রিলার’ হিসেবেই দেখছেন পরিচালক সৌম্য রায় চৌধুরী। থ্রিলার ঘরানার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “আমি প্রচুর থ্রিলার ছবি দেখি এবং এই ঘরানার ভক্ত। কিন্তু আমার মনে হয়েছে, বাংলায় থ্রিলারের একটা নির্দিষ্ট ধরনের গল্পই বারবার তৈরি হয়। অথচ থ্রিলারের আরও অনেক ধরন রয়েছে, যেগুলো নিয়ে সেভাবে কাজ হয়নি। সেই জায়গাটাই আমি এক্সপ্লোর করতে চেয়েছি।”
পরিচালকের দাবি, “আমার মনে হয়, এই ধরনের ডার্ক থ্রিলার বাংলা দর্শক এর আগে দেখেননি। তবে আমার মূল লক্ষ্য ছিল নতুন কিছু করা। নতুন ছবি হিট হবে না ফ্লপ হবে, সেটা পরের কথা। কিন্তু অন্তত মানুষ যেন ছবি দেখে বলে, নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে।”
তবে শুধু একটি ছবিতে গল্প শেষ করতে চান না পরিচালক। তাঁর পরিকল্পনা আরও বড়। সৌম্য রায় চৌধুরীর কথায়, “ঘুন ঘাঁও’কে ঘিরে একটা ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাই সবটা একটা ছবির মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। এই ছবির দ্বিতীয় অংশও আসবে। প্রথম ছবির মধ্যেই সেই দ্বিতীয় অংশের একটা আভাস থাকবে।”
উল্লেখ্য,’সিনেক্রেজি এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এবং সৌম্য রায় চৌধুরী পরিচালিত ‘ঘুন ঘাঁও–চ্যাপ্টার ১’ মুক্তি পেতে চলেছে আগামী ১১ সেপ্টেম্বর।ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন টুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায়। ছবিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রাওয়ানি।

