‘আমির খানের ছেলে বলেই আমি কাজ পাই’, এ কী বললেন জুনেইদ খান?
বলিউডে স্টারকিডদের বাড়তি সুবিধা নিয়ে বরাবরই চলে তর্ক-বিতর্ক। বক্সঅফিসে ‘লাভেয়াপা’-র ভরাডুবির পর এবারেও প্রেক্ষাগৃহে আশানুরূপ ফল করতে পারেনি জুনেইদ খানের ‘এক দিন’ ছবিটি।পরপর দু’টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কেন এখনও তাঁর হাতে কাজের অফার আসছে?প্রশ্ন উঠেছে।সেই প্রশ্নের উত্তরে অকপট অভিনেতা। নিজের স্টারকিড পরিচয়ের সুবিধা স্বীকার করেই তিনি জানান,আমির খানের পুত্র বলেই হয়তো এমন সুবিধা। প্রযোজকেরা এমন অভিনেতাকেই নিতে চান “যাঁকে বিক্রি করা যায়”।
ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে জুনেইদ খান বলেন, “স্টারকিডরা বেশি সুযোগ পায় কারণ মানুষ তাঁদের আগে থেকেই চেনে, ফলে তাঁদের বাজারে তুলে ধরা সহজ হয়। অনেক সময় অভিনয় দক্ষতার চেয়েও এই বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।প্রযোজকদের তো ছবি বিক্রি করতে হবে, তাই তাঁরা এমন কাউকেই নেবেন যাঁকে সহজে বিক্রি করা যায়।” তিনি আরও বলেন, “তাঁদের বেশি গুরুত্ব থাকে কাকে বিক্রি করা যাবে, ছবির জন্য কে সবচেয়ে উপযুক্ত সেটা নয়। চরিত্রের সঙ্গে কে মানানসই, তার চেয়ে কাকে বেশি সহজে মার্কেট করা যাবে সেটাই দেখা হয়।” পাশাপাশি তিনি যোগ করেন, “আমার কাছে এটা ভিতরের লোক বনাম বহিরাগতের বিতর্ক নয়। শুধু বিক্রি করা যাবে বলে কাউকে কাস্ট করা উচিত নয়। ছবির জন্য যে সঠিক, তাকেই নেওয়া উচিত।”
নিজের সুবিধার কথা স্বীকার করে জুনেইদ বলেন, “নেপোটিজম শব্দটা আমাকে বিরক্ত করে না, কারণ এটা সত্যি। আমি অনেক কাজ পাই কারণ আমি আমির খানের ছেলে।” ‘এক দিন’-এর ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেন, “আমরা আশাবাদী ছিলাম। কিন্তু বোধহয় ছবিটা ভালো চলেনি। এমনটা কখনও কখনও হয়। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, কাজ করেও খুব উপভোগ করেছি। আমাদের সকলেরই ছবিটা ভালো লেগেছিল। অনেক দর্শকেরও ভালো লেগেছে, কিন্তু বেশিরভাগের নয়। এমনটা হতেই পারে।”
সাই পল্লবীর সঙ্গে অভিনীত ‘এক দিন’ ছবিটি প্রযোজনা করেছে আমির খানের প্রযোজনা সংস্থা। ছবিটি বক্স অফিসে প্রত্যাশামতো সাফল্য না পেলেও বাবা এখনও আশাবাদী বলেই জানিয়েছেন জুনেইদ। বহু বছরের অভিজ্ঞতার পরেও কোনও ছবির ব্যর্থতা আমির খানকে মানসিকভাবে প্রভাবিত করে, তবে তিনি দ্রুত নিজেকে আবার কাজের মধ্যে ব্যস্ত করে নতুন উদ্যমে এগিয়ে যান বলেও জানান অভিনেতা।অন্যদিকে, খুব শীঘ্রই জুনেইদ খানকে দেখা যাবে ‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। যদিও ছবির গল্প বা মুক্তির তারিখ নিয়ে এখনও নির্মাতাদের তরফে বিস্তারিত কিছু জানান দেওয়া হয়নি।
